অপরিশোধিত লবণ আমদানি নিরুৎসাহিত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লবণনীতিতে স্থানীয় চাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিপণন-প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের সম্পৃক্ততা হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় চাষিদের স্বার্থ সংরক্ষণে অপরিশোধিত লবণ আমদানি নিরুৎসাহিত করা হয়েছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার ‘জাতীয় লবণনীতি-২০১১’ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, স্বাভাবিক অবস্থায় লবণ আমদানির প্রয়োজন নেই। তবে স্থানীয়ভাবে উৎপাদিত লবণের দ্বারা চাহিদা পূরণ করা সম্ভব না হলে শিল্প মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে লবণ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিসিআইসির চেয়ারম্যান মো. গোলাম রব্বানীসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে আমদানি নিরুৎসাহিত করা না গেলে উচ্চহারে শুল্ক আরোপ করা হবে। একইভাবে চাষিদের স্বার্থ সংরক্ষণের জন্য বোল্ডার লবণ বা কাঁচা লবণ আমদানির ওপরও উচ্চহারে শুল্ক ও কর আরোপের পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের মতামত বা সুপারিশের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশন বাণিজ্য নীতিমালার আলোকে ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯-১০ লবণ উৎপাদন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৩ লাখ মেট্রিক টনের বিপরীতে ১৭ লাখ সাত হাজার মেট্রিক টন উৎপাদন করা হয়েছে।