অপর্যাপ্ত অবকাঠামোই প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা: বিশ্বব্যাংক
অপর্যাপ্ত অবকাঠামোই বাংলাদেশে প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা হিসেবে মনে করছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ: দ্রুত, ব্যাপক ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে সুযোগ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিগত পাঁচ বছরে অবকাঠামো ঘাটতি সূচকে সাত ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকার ওয়েস্টিন হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের ভৌত অবকাঠামো ও মানব উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদনশীলতার প্রবৃদ্ধি জোরদার ও অর্থনীতির বহুমুখিতার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন।প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এ দেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য যথেষ্ট নয়।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশে ২৭ লাখ পুরোপুরি বেকার ও এক কোটি ৪৬ লাখ আধা-বেকার লোক রয়েছে। এ জন্য শ্রমঘন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকদের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার সাধনও জরুরি।বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে জিডিপিতে প্রবাসী-আয়ের অংশীদারি শূন্য দশমিক ১২ শতাংশ থেকে শূন্য দশমিক ৭৪ শতাংশে উন্নীত করতে হবে। এটা নির্ভর করে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর। বর্তমানে বাংলাদেশের মোট শ্রমশক্তির ১৩ শতাংশ বিদেশে কাজ করছে। প্রবৃদ্ধি জোরদারকরণ ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে বৈশ্বিক অভিবাসন বাজারে অব্যাহতভাবে জায়গা করে নেওয়া এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা জরুরি। অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে টোটাল ফ্যাক্টর প্রডাকটিভিটি (টিএফপি) ২ শতাংশে উন্নীত করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ১০ বছরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মুখ্য হয়ে দাঁড়াবে বলে মনে করছে না বিশ্বব্যাংক। তবে ২০৫০ সালে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মুখ্য হয়ে দাঁড়াতে পারে। আলোচনা: প্রতিবেদনের ওপর আলোচনা করতে গিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। গত বছর ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা পর্যাপ্ত নয়। তবে তিনি স্বীকার করেন, অবকাঠামো-দুর্বলতা এ দেশে অন্যতম বড় সমস্যা। অর্থমন্ত্রীর মতে, অবকাঠামো দুর্বলতা, ভূমির অপর্যাপ্ত ও সুশাসনের অভাবে বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে দেশ। তবে তিনি মনে করেন, সীমিত বিনিয়োগ নিয়েও বাংলাদেশ বেশ ভালো ফল পাচ্ছে। আগের চেয়ে গ্যাস ও বিদ্যুতের প্রাপ্যতা পরিস্থিতি উন্নত হয়েছে।এ ছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণেও সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। প্রশাসনিক কার্যক্রম এখনো রাজধানী ঢাকানির্ভর। এ ছাড়া দক্ষ মানবসম্পদ উন্নয়নেও সরকারের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন।এলেন গোল্ডস্টেইন বলেন, মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশকে বর্তমান গতানুগতিক ধারার চেয়ে বেশি প্রয়াস নিতে হবে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ১০ বছরের গড় হিসাব ধরে বিশ্বব্যাংকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কিন্তু বিশ্বমন্দার পর বৈদেশিক মুদ্রার বিনিময় হারসহ বিভিন্ন সূচকে ব্যাপক পরিবর্তন হয়েছে। ডলারের অবমূল্যায়ন হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। এসব বিবেচনা করলে ২০২১ সাল পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করবে না। বিনিয়োগ সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপির ২৫ শতাংশের মতো বিনিয়োগ হচ্ছে। জিডিপিতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩২ শতাংশ। কিন্তু কীভাবে এ ধরনের প্রবৃদ্ধি হলো? কেউ কেউ বলার চেষ্টা করেন যে মূলধনজনিত উৎপাদনশীলতা বেড়েছে। কিন্তু অপর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির মধ্যে কীভাবে মূলধন যন্ত্রপাতির ব্যবহার বাড়ল? এই অর্থনীতিবিদ জানান, মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে টিএফপি ২ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। কিন্তু এ পর্যন্ত সর্বোচ্চ টিএফপি ছিল শূন্য দশমিক ৬৮। কাঙ্ক্ষিত টিএফপি অর্জন প্রায় অসম্ভব।আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগ আকর্ষণ, জমির প্রাপ্যতা নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, করনীতি—এসব বিষয়ে নজর দিতে হবে। সব বাধা দূর করার জন্য মনস্থির করতে হবে।সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, চীনের উৎপাদন খাতের ১ শতাংশ কারখানা বাংলাদেশে এলে উৎপাদনশীলতা দ্বিগুণ হবে।