ফিরে দেখা ২০১৩: অর্থনৈতিক ক্ষতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে এফবিসিসিআই
অপূরণীয় ক্ষতির মুখে ব্যবসা-বাণিজ্য
নির্বাচনী বছরে দেশে রাজনৈতিক সংঘাত আর হরতাল-অবরোধ হবে, এ কথা আগেই অনুমান করতে পেরেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু এর ভয়াবহতা যে এতখানি হবে তা ভাবতেও পারেননি তাঁরা। সে কারণেই ২০১৩ সালকে ভুলে যেতে চাইবেন যেকোনো ব্যবসায়ীই।
সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের সংঘাতময় রাজনৈতিক কর্মসূচিতে দেশের ব্যবসা-বাণিজ্যের এক লাখ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। আর ব্যবসায়ীরা কয়েক দিন ধরেই বলে আসছেন, এবার ব্যবসা-বাণিজ্যের যে লোকসান হয়েছে তা অপূরণীয়।
গত বছরের জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধ হয়েছে ৬২ দিন। এফবিসিসিআই, ঢাকা চেম্বার ও ইন্টারন্যাশন্যাল চেম্বারের হিসাবে, এক দিনের হরতালে ক্ষতি হয় এক হাজার ৫৪০ থেকে এক হাজার ৬০০ কোটি টাকা। ক্ষয়ক্ষতির এই হিসাব বিবেচনায় নিয়েই এক লাখ কোটি টাকার বেশি অর্থনৈতিক ক্ষতির ওই হিসাবটি করেছে এফবিসিসিআই।
অবশ্য ২১ ডিসেম্বরের পর ১৮-দলীয় জোটের ডাকা আরও তিন দিনের অবরোধ আর অঘোষিত ‘সরকারি অবরোধ’ও ছিল তিন দিন। এসব কর্মসূচিও ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে।
বছরের শুরু থেকেই নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিতে শুরু করে বিরোধীদলীয় জোট। আর মার্চ থেকে শুরু হয় টানা হরতাল-অবরোধের মতো কর্মসূচি। আর এসব কর্মসূচিতে টালমাটাল দেশের ব্যবসা-বাণিজ্য।
টানা হরতাল-অবরোধে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক খাতে গত দুই মাসে সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। হিমায়িত মৎস্য খাতে রপ্তানি কমেছে এক-তৃতীয়াংশ। চামড়াশিল্পে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিটি ট্যানারিতে প্রায় চার কোটি টাকার পণ্য পড়ে আছে, রপ্তানি করতে পারছেন না ট্যানারির মালিকেরা। পাট খাতের অবস্থাও নাজুক। কাঁচা পাটের রপ্তানি কমেছে আগের বছরের চেয়ে ৬১ শতাংশ। সে কারণে পাটের স্তূপ পড়ে আছে গুদামে। এক লাখ কেজির ওপরে চা-পাতার মজুত রয়েছে বিভিন্ন চা-বাগানে।
পোলট্রি খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮২ কোটি টাকায়। এক বছরে বন্ধ হয়েছে ৩০ শতাংশ খামার। লোকসানে দিশেহারা খামারিরা সম্প্রতি রাস্তায় ঘুরে ঘুরে পথচারীদের মধ্যে ডিম ও মুরগির বাচ্চা বিতরণ করে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন। এক বছরে দেশে তৈরি ফ্ল্যাটের বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। ১০ থেকে ৩০ শতাংশ ছাড় দিয়েও এসব ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা।
হরতাল-অবরোধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সড়ক পরিবহন খাত। এফবিসিসিআইয়ের হিসাবে, হরতাল-অবরোধে সাড়ে তিন লাখ মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। আর প্রতিদিন এ খাতে ক্ষতি হয় ২৫০ কোটি টাকার। গত এক মাসেই সারা দেশে এক হাজার গাড়ি অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের শিকার হয়েছে। এর মধ্যে ৪০০ গাড়ি আংশিক কিংবা পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৬০০ গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব গাড়ির দাম গড়ে ৩০-৩৫ লাখ টাকা। আবার যান চলাচল না হওয়ায় গ্যাস-সিএনজি ফিলিং স্টেশনের মালিকদের প্রতিদিন ক্ষতি হয়েছে ৩০০ কোটি টাকার বেশি।
তবে হরতাল-অবরোধের সবচেয়ে বড় প্রভাব পড়ে ক্ষুদ্র ও মাঝরি ব্যবসায়ীদের ওপর। টানা সহিংস কর্মসূচিতে পড়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখন নিঃস্বপ্রায়। সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছেন ২০ লাখ। এফবিসিসিআইয়ের হিসাবে, প্রতিটি হরতাল-অবরোধে তাঁদের ক্ষতি হয়েছে ৭৫০ কোটি টাকা।
নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা শুরু হওয়ার পর থেকেই এসব বন্ধে এবং নিজেদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে বারবার সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু রাজনৈতিক দলগুলো এ আহ্বানকে পাত্তাই দেয়নি। এমনকি এফবিসিসিআই ও ঢাকা চেম্বার দফায় দফায় দুই নেত্রীর কাছে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েও সাড়া পায়নি। থামেনি হরতাল-অবরোধে সহিংসতাও। পরে অবশ্য দুই নেত্রীর সঙ্গেই বৈঠক করেন ব্যবসায়ীরা। তাতেও কোনো লাভ হয়নি। এর পরও সহিংস কর্মসূচি চলতে থাকে। আর তাই নিজেদের ব্যবসায়-বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন সারা দেশের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গত ১৫ ডিসেম্বর শান্তির দাবিতে রাস্তায় নেমে আসেন, পালন করেন সাদা পতাকার প্রতিবাদবন্ধন কর্মসূচি। কিন্তু এর পরও দেওয়া হয়েছে টানা অবরোধ, ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছে দেশের ব্যবসা-বাণিজ্য।