অপেক্ষার অবসান ৮২ দিন পরে
টানা ৮২ দিন পর চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছে বিকল জাহাজ এমভি গ্লাডিস। গতকাল সোমবার দুপুরে বিশেষ ব্যবস্থায় বিকল জাহাজটিকে জেটিতে ভেড়ানো হয়।
জাহাজটিতে ৩৩৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার পণ্য রয়েছে।
বন্দর সূত্র জানায়, গতকাল সকালে পাঁচটি উদ্ধারকারী জলযানের (টাগবোট) সাহায্যে সাগর থেকে জেটিতে জাহাজটি টেনে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রায় ১৬ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে বেলা দুইটায় জাহাজটি জেটিতে ভেড়ানো হয় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহানের তদারকিতে।
ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, জাহাজটি নিরাপদে বন্দরের সিসিটি জেটিতে ভেড়ানো হয়েছে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর কর্মকর্তারা জানান, বন্দর চ্যানেলে কোনো জাহাজ ডুবলে বন্দর অচল হয়ে পড়ার শঙ্কা থাকে। এ কারণে বিকল জাহাজটির ক্ষেত্রে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে জাহাজটি দুই দফায় দুর্ঘটনায় পড়ে। প্রথম দফায় মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে গত ৩০ জুলাই মিয়ানমারের উপকূলের কাছে আন্দামান সাগরে ইঞ্জিন বিকল হয়ে যায় জাহাজটির। এরপর ২৫ সেপ্টেম্বর জাহাজটি টেনে বন্দর জেটিতে ভেড়ানোর পথে পানির তলদেশে আটকে যায়। এ ঘটনায় বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে সাময়িক বহিষ্কারও করা হয়।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, এমভি গ্লাডিস জাহাজে ৮৪৯ কনটেইনারে (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ৩৩৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি পণ্য রয়েছে। এর মধ্যে জাহাজে ৩৬৮ কনটেইনারে আছে ৮৪টি পোশাক প্রতিষ্ঠানের কাঁচামাল তুলা, কাপড়, সুতা ইত্যাদি।
আরও জানা গেছে, এই জাহাজে গ্রামীণফোন, ইউনিলিভার, শেভরন বাংলাদেশ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, টি কে গ্রুপ, পিএইচপি গ্রুপ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস, এলিট পেইন্টস, শাইনপুকুর সিরামিকসসহ বড় শিল্পগোষ্ঠী বা প্রতিষ্ঠানের পণ্য রয়েছে।
এসব প্রতিষ্ঠানের পণ্য আমদানি হয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।