শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিদ্যমান সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। একই সঙ্গে ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) পরবর্তী সাত বছর পর্যন্ত কর অব্যাহতি সুবিধা প্রদানসহ আগামী বাজেট সামনে রেখে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সম্প্রতি সিএসইর পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এই প্রস্তাব তুলে ধরা হয়। আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে সিএসই এই প্রস্তাব পেশ করেছে। সিএসই তাদের বাজেট প্রস্তাবে বলেছে, অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের বিদ্যমান সুবিধা আগামী বাজেটে বহাল রাখা হলে তা শেয়ারের চাহিদা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করবে। ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সাত বছর স্টক এক্সচেঞ্জকে কর অব্যাহতি দেওয়ার যুক্তি হিসেবে সিএসই বলছে, ডিমিউচুয়ালাইজেশনের পর একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে খরচ বাড়বে। এমনকি কারিগরি ও অবকাঠামো উন্নয়নে পুনর্বিনিয়োগ করতে হবে। এ অবস্থায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো স্টক এক্সচেঞ্জকে করের আওতায় আনা হলে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে।বাজারের বিদ্যমান পরিস্থিতিতে স্টক এক্সচেঞ্জের সদস্য বা ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়কর কমিয়ে শূন্য দশমিক ০১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর থেকে শূন্য দশমিক ০৫ শতাংশ হারে উৎসে আয়কর সংগ্রহ করা হয়। এ ছাড়া লভ্যাংশের ওপর আরোপিত কর ও শেয়ারের অধিমূল্যের (প্রিমিয়াম) ওপর আরোপিত কর প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আগামী বাজেট সামনে রেখে সিএসইর পক্ষ থেকে এ রকম ১১টিরও বেশি সুপারিশ করা হয়। সে সঙ্গে এসব সুপারিশের পক্ষের যুক্তিগুলোও তুলে ধরেছে সিএসই।সিএসই প্রস্তাব করেছে, করমুক্ত লভ্যাংশ সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হোক। এর যুক্তি হিসেবে সংস্থাটি বলেছে, পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলমান মন্দার কারণে বিনিয়োগকারীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে অধিক হারে লভ্যাংশ প্রদান করতে পারে, সে জন্য বিদ্যমান কর রেয়াত সুবিধা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে।