অপ্রদর্শিত বৈধ আয়ে ফ্ল্যাট কেনার সুযোগ প্রদানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত বৈধ আয়ের মাধ্যমে এই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ ছাড়া ফ্ল্যাট বা জমি হস্তান্তরের কর কমানোর প্রস্তাবও করেছে রিহ্যাব। রাজধানী ঢাকা শহরে আবাসিক জমি, ভবন ও ফ্ল্যাট হস্তান্তরে প্রতি বর্গফুটে কর যথাক্রমে ২০০০, ১৮০০ ও ৮০০ টাকার পরিবর্তে ১০০০, ৮০০ ও ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর বাণিজ্যিক জমি, ভবন ও ফ্ল্যাট হস্তান্তরে প্রতি বর্গফুটে যথাক্রমে ৮০০০, ৬০০০ ও ২০০০ টাকা করের পরিবর্তে ৫০০০, ৩০০০ ও ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক্-বাজেট আলোচনায় রিহ্যাবের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। এতে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় রিহ্যাব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নির্বাহী সদস্য আনিসুর রহমান খান। রিহ্যাব নেতারা নির্মাণ যন্ত্রপাতি বিশেষ করে ব্যবহূত যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানির সুযোগ দেওয়ার দাবি জানান। আনিসুর রহমান খান জানান, নির্মাণ খাত থেকে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব পায়। তাই নির্মাণ খাতের দুঃসময়ে কর-সুবিধা নিশ্চিত করা দরকার।