অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা পাবেন ভবিষ্য তহবিল-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও ভবিষ্য তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেছেন, ভবিষ্যতে আর কোনো শ্রমিক অসহায় থাকবেন না।
রাজধানীতে সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তাবিষয়ক অ্যালামনাইয়ের সংবিধান চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মুজিবুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে এক লাখ শ্রমিককে ভবিষ্য তহবিলের আওতায় আনা হবে। ১৫ থেকে ২০ বছর মেয়াদি এ তহবিলে কোনো শ্রমিক সর্বোচ্চ ৩০০ টাকা জমা দিলে সরকারও ওই শ্রমিকের হিসাবে সমপরিমাণ টাকা জমা দেবে। মেয়াদ শেষে সুদসহ মোট যে অর্থ জমা হবে, তার সঙ্গে সরকার আরও দুই লাখ টাকা দেবে। পুরো টাকা পাবেন তহবিলে অংশ নেওয়া শ্রমিক।
মুজিবুল হক আরও জানান, পোশাক কারখানায় কর্মরত কোনো শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে কেন্দ্রীয় তহবিল থেকে তিন লাখ, বিমা বাবদ দুই লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা এবং দুর্ঘটনায় গুরুতর আহত হলে সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন।
অনুষ্ঠানে শ্রমসচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এ এম এম আনিসুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি