অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য আইন তৈরির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাতিষ্ঠানিক খাতের পৌনে পাঁচ কোটি শ্রমিকের অধিকার নিশ্চিতে কোনো আইন নেই দেশে। এ শ্রমিকেরা কৃষি, মৎস্য, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ, ইটভাটা, পোলট্রি, ক্ষুদ্র কারখানা, দোকান, স্থল ও নৌবন্দর ইত্যাদি খাতে নিয়োজিত।
এ তথ্য তুলে ধরে কৃষিসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় শিগগিরই আইন প্রণয়নের দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা কর্মজীবী নারী ও ওশি ফাউন্ডেশন।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার অনুষ্ঠিত ‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকার সংরক্ষণে আইনি সুরক্ষা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সেমিনারে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা, শিরীন আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের সভাপতি আবদুল মুকিত খান।
কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ওশি ফাউন্ডেশনের সহকারী পরিচালক ওমর ফারুক।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০১০ সালের হিসাব অনুযায়ী দেশের শ্রমবাজারে ৫ কোটি ৪১ লাখ শ্রমিক রয়েছেন। এর মধ্যে ৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার (৮৮ দশমিক ৫ শতাংশ) জনই অপ্রাতিষ্ঠানিক খাতের। কৃষি খাতের শ্রমিক হচ্ছেন ৪৭ দশমিক ৩০ শতাংশ। অথচ, এই বিশাল গোষ্ঠী আইনি অধিকারবঞ্চিত।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি শ্রমিকদের কারণেই আমরা বেঁচে আছি। পিতার ধান-পাট বিক্রি করা অর্থে পড়াশোনা করেই আমি মানুষ।’
গৃহকর্মীদের আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশাল কৃষি শ্রমিকগোষ্ঠীর জন্য ট্রেড ইউনিয়নের সুযোগ কীভাবে তৈরি করা যায়, তা তাঁর মাথায় ঢুকছে না।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শ্রম আদালতের রায় কার্যকর হচ্ছে না। আবার বীজ থেকে চারা না হলে কৃষক অভিযোগ করতে পারছেন না কোথাও। শ্রম আদালতকে শক্তিশালী করা এবং কৃষি আদালত স্থাপনের দাবি জানান তাঁরা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, দেশে এখন সর্বজনীন শ্রম আইন দরকার। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি সামছুজ্জামান সেলিম বলেন, কৃষি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
মানিকগঞ্জের জয়নাল আবেদিন ও সন্ধ্যা বেগম, নরসিংদীর সামাদ মিয়া ও ছোলেমা বেগম—এ চারজন কৃষক স্বল্পমূল্যে নিত্যপণ্যের রেশন পাওয়া ও দুর্ঘটনায় পড়লে চিকিৎসার খরচ পাওয়ার দাবি জানান।