অফশোর ব্যাংকিংয়ে ৬ মাসে ৭,৫৪৪ কোটি টাকা ঋণ
কম সুদ হওয়ায় ব্যাংকের অফশোর ইউনিটের ঋণের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এ ইউনিটের মাধ্যমে ঋণ বিতরণ হয়েছে ৭ হাজার ৫৪৪ কোটি টাকা। এতে ব্যাংক খাতের অফশোর ইউনিটের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৭৪ কোটি টাকা।
গত জুন পর্যন্ত অফশোর ইউনিটে খেলাপি ঋণ ছিল ৪২০ কোটি টাকা। এর মধ্যে এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে পাচার হওয়া ৩১৩ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। অফশোর ঋণ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ঋণটি খেলাপি করা হয়েছে। তবে আদায় অব্যাহত আছে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে ঋণের বড় অংশ আদায় হবে।’
অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। ব্যাংকের কোনো নিয়ম-নীতিমালা অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল হিসাবে। বাংলাদেশে এখন পর্যন্ত অফশোর ব্যাংকিং পরিচালনার কোনো নীতিমালা হয়নি। ফলে ব্যাংকগুলো ইচ্ছেমতো ব্যবসা বাড়াচ্ছে। বর্তমানে অফশোর ব্যাংকিংয়ে ঋণের সুদ হার ৬ শতাংশের নিচে।
জানা গেছে, গত বছরের ডিসেম্বরে অফশোর ব্যাংকিং ঋণের পরিমাণ ছিল ৩৯ হাজার ৩৩০ কোটি টাকা। গত জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৭৪ কোটি টাকা। সেই হিসাবে ছয় মাসে ঋণ বেড়েছে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। গত বছরের জুন শেষে এ ঋণের পরিমাণ ছিল ৩৮ হাজার ৮৭ কোটি টাকা। সেই হিসাব ধরলে এক বছরের ব্যবধানে ঋণের পরিমাণ বেড়েছে ৮ হাজার ৭৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অফশোর ব্যাংকিংয়ের আওতায় গত জুন পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলো ২৭ হাজার ৭২৬ কোটি, বিদেশি ব্যাংকগুলো ১৯ হাজার ৬১ কোটি এবং সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ৮৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে এইচএসবিসির মাধ্যমে ঋণ বিতরণ করা হয়েছে ১০ হাজার ২৪২ কোটি টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ৬ হাজার ৩৮ কোটি টাকা, ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩ হাজার ৭২৬ কোটি টাকা। এ ছাড়া ব্র্যাক ব্যাংক ২ হাজার ২৮৭ কোটি, ইস্টার্ণ ব্যাংক ২ হাজার ৩০১ কোটি, প্রাইম ব্যাংক ২ হাজার ১৪৬ কোটি, দেশীয় মালিকানার দ্য সিটি ১ হাজার ৫৪৭ কোটি, ইউসিবি ১ হাজার ৫৪৬ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ১ হাজার ৪৪৫ কোটি এবং এবি ব্যাংক ১ হাজার ১৮৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
এখন পর্যন্ত ৫১ ব্যাংক অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন নিলেও ৩৫ ব্যাংক ঋণ বিতরণ করছে। অফশোর ব্যাংকিং ইউনিটের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ অনেকাংশে কম। বাংলাদেশ ব্যাংক ১৯৮৫ সালে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং পরিচালনার জন্য একটি নীতিমালা জারি করে। এরপর ৩০ বছর পেরিয়ে গেলেও অফশোর ব্যাংকিংয়ের জন্য হয়নি পূর্ণাঙ্গ কোনো নীতিমালা। এ জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সেপ্টেম্বরেই তা জারি হতে পারে। নীতিমালা জারির আগে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাপী অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত।