>

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এক মাস পার হয়েছে। নিরাপত্তার কারণে এখন বিদেশি ক্রেতা ও পর্যটকেরা বাংলাদেশে আসতে চাইছেন না। ক্রেতারা ক্রয়াদেশ নিয়ে বৈঠক করতে পোশাক ব্যবসায়ীদের অন্য দেশে ডেকে নিচ্ছেন। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক ও বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন ও শুভংকর কর্মকার।
প্রথম আলো: অনেক পোশাক কারখানার মালিক বলছেন, গুলশানের জঙ্গি হামলার পর বিদেশি ক্রেতারা দেশে আসছেন না। ফলে ক্রয়াদেশ নিয়ে ক্রেতাদের সঙ্গে বৈঠক করতে বিদেশে যেতে হচ্ছে তাঁদের। আপনি কোথায় কোথায় গেলেন?
মাহমুদ হাসান খান: ইতালিভিত্তিক চেইন শপ ‘অ্যালকট’ বাংলাদেশ থেকে বছরে প্রায় আট কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করে। আমার প্রতিষ্ঠানসহ ২০-২৫টি পোশাক কারখানা অ্যালকটের পোশাক তৈরি করে। গুলশানের ঘটনার পর আমার কাছে খবর এল, তারা বাংলাদেশে তাদের লিয়াজোঁ অফিস বন্ধ করে দেবে। এখানকার অফিসে যোগাযোগ করলাম, তবে তারা প্রকৃত ঘটনা বলতে পারছিল না। অ্যালকটের সঙ্গে অল্প কিছুদিন ধরে কাজ করছি আমরা। তাদের প্রধান কার্যালয়ে আগে কখনো যাইনি। সব মিলিয়েই জুলাইয়ের শেষ সপ্তাহে আমি ইতালির নেপোলিতে অ্যালকটের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে গেলাম।
প্রথম আলো: বাংলাদেশ নিয়ে অ্যালকট কী বলল? বাংলাদেশে তাদের লিয়াজোঁ অফিস থাকছে?
মাহমুদ হাসান খান: অ্যালকটের প্রধান নির্বাহী কর্মকর্তা সালভেদর কলিইল্লা বলেছেন, নিরাপত্তার কারণেই তাঁরা বাংলাদেশের অফিস বন্ধ করতে চান। আমার কাজ ছিল তাঁদের বোঝানো, যাতে করে তাঁরা অফিসটি বন্ধ না করেন। শেষ পর্যন্ত ফলাফল হচ্ছে, তাঁরা আমাকে কথা দিয়েছেন, বাংলাদেশে অ্যালকটের ব্যবসা কমবে না, বরং বাড়বে। তবে বাংলাদেশে তাঁরা তাঁদের অফিস রাখবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও এক-দুই মাস পর্যবেক্ষণ করবেন তাঁরা।
প্রথম আলো: নিরাপত্তা নিয়ে অ্যালকট কতটা উদ্বিগ্ন?
মাহমুদ হাসান খান: কাকতালীয় বা অনাকাঙ্ক্ষিত, যে কারণেই হোক না কেন, হলি আর্টিজান কিংবা তার আগে এককভাবে ইতালি ও জাপানি নাগরিকের ওপর হামলা হয়েছে। সে জন্য অ্যালকটের সিইও আমাকে প্রশ্ন তো করেছেনই, ‘বারবার আমরাই (ইতালীয় নাগরিক) কেন হামলার টার্গেট?’ ফলে নিরাপত্তা নিয়ে তাঁরা আতঙ্কিত। তবে আমি তাঁকে বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক ইস্যু। জার্মানি, ফ্রান্স, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মতো দেশে হচ্ছে। ওই সময় বৈঠকে অ্যালকটের বিক্রয় বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, ঢাকার বারিধারায় অনেক বায়িং হাউস এবং অনেক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস। ফলে কাজের প্রয়োজনে তিনি বারিধারা এলাকায় আসতেন। খুব স্বচ্ছন্দে চলাফেরা করতেন। এক সড়ক থেকে আরেক সড়কে রিকশায়, এমনকি হেঁটেও যাতায়াত করতেন। তবে সেই স্বচ্ছন্দ ভাবটা এই মুহূর্তে নেই। সেটি আবার ফিরিয়ে আনতে হলে গুলশানের জঙ্গি হামলার মতো ঘটনা বন্ধ করতে হবে।
প্রথম আলো: গুলশানের জঙ্গি ঘটনার পর বিদেশি ক্রেতাদের সবাই কি আতঙ্কিত? কেউ কি বাংলাদেশে আসছেন না?
মাহমুদ হাসান খান: না, সবাই আতঙ্কিত নন। আমি ইতালির এক ক্রেতা-প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করতে ইতালিতে গেলাম। কিন্তু গত সোমবার বিশ্বখ্যাত ইতালির এমসিএস ব্র্যান্ডের ডায়িং মেশিন বিক্রি করতে এক ইতালীয় নাগরিক আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি এখানে মেশিন বিক্রি করতে এসেছ, তোমার ভয় লাগে না?’ সে বলল, ‘না, ভয় লাগে না।’ গত বুধবার চীনের এক ব্যবসায়ী ডাইস কেমিক্যাল বিক্রি করতে আমার অফিসে এসেছিলেন।
প্রথম আলো: গুলশানের জঙ্গি হামলার পর এক মাস হয়ে গেল। ক্রেতাদের কাছ থেকে বর্তমানে কী ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? ব্যবসা কমার কোনো ধরনের আশঙ্কা আছে কি?
মাহমুদ হাসান খান: আমরা যেমন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, বিদেশি ক্রেতারাও তেমনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত এক মাসে বড় কোনো পরিবর্তন হয়নি। কারণ, যেসব ক্রেতা-প্রতিষ্ঠান বছরে দুবার পোশাক তৈরি করায়, তারা গত জুলাইয়ের আগেই আগামী নভেম্বর-ফেব্রুয়ারির ক্রয়াদেশ দিয়েছে। আবার যারা তিনটি মৌসুমে ব্যবসা করে, তারা ডিসেম্বর পর্যন্ত ক্রয়াদেশ দিয়ে দিয়েছে। ফলে ক্রয়াদেশ চলে যাওয়া-সংক্রান্ত কোনো ধরনের নেতিবাচক তথ্য আমার কাছে আসেনি। গুলশানের ঘটনার পর তাৎক্ষণিক প্রভাব হচ্ছে, ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে। অফিসে মোটামুটি ব্যাগ রেডিই থাকে। কখন ক্রেতাদের ডাক পড়ে। ব্যবসা তো করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেক ব্র্যান্ড ও ক্রেতা-প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস বাংলাদেশে আছে। তাদের সঙ্গে বছরে দু-একবার আনুষ্ঠানিক বৈঠক করতে হয়। তা ছাড়া বাকি সময় ই-মেইলে যোগাযোগ করলেই চলে। তার মানে, সবাইকে যে দেশের বাইরে যেতে হচ্ছে, বিষয়টি এমন নয়।
প্রথম আলো: ক্রেতাদের সঙ্গে বৈঠক করতে হংকংয়ে যাওয়ার ভিসা নিয়ে জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। বিষয়টির কোনো সুরাহা হয়েছে?
মাহমুদ হাসান খান: শুধু হংকং নয়, সিঙ্গাপুরের ভিসা পাওয়া নিয়েও জটিলতা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এখন পর্যন্ত খুব বেশি যে উন্নতি হয়েছে, সেটি বলা যাবে না।
প্রথম আলো: জঙ্গিবাদ দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উদ্যোগ নিয়েছে, তাতে পোশাক খাতের ব্যবসায়ীরা কতটুকু সন্তুষ্ট?
মাহমুদ হাসান খান: সন্তুষ্টির বিষয়টি পরিমাপ করা খুবই কঠিন। তবে গুলশানের ঘটনার পর থেকে আজ পর্যন্ত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার পরিপ্রেক্ষিত নতুন করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এটি অবশ্যই সন্তোষজনক। তবে কালকেই যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, তাহলে আমিই হয়তো বলতে পারি, সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেটি সন্তোষজনক নয়।
প্রথম আলো: পোশাক কারখানার নিরাপত্তা কি জোরদার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে বিমানবন্দর থেকে কারখানা পর্যন্ত বিদেশি ক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল। সেটি কি পাওয়া যাচ্ছে?
মাহমুদ হাসান খান: পুলিশের কাছে চাইলে ক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাচ্ছে। এ ছাড়া সব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় থানা থেকেও এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।