অপর্যাপ্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাপক অবকাঠামো ঘাটতি ও ধীরগতির নগরায়ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। এমন শঙ্কা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তাই ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামো ঘাটতি পূরণে সর্বাধিক গুরুত্বারোপের পরামর্শ দিয়েছেন তিনি।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। একই সঙ্গে উন্নয়নের স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত বলেও মত তাঁর।
কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কার সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। ২০ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। ‘উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংসদেরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএমএফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা ফ্রাঞ্জ হেনে এবং সিপিএর সহকারী পরিচালক লুচি পিকেলস ও সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আশরাফুল মকবুল।