অবকাঠামো উন্নয়েনর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, উৎপাদন বৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নে বর্তমানে বড় বাধা অবকাঠামো ঘাটতি। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা করে সেগুলোর বাস্তবায়ন করতে হবে। তবে সবকিছু হতে হবে দেশের জনগণকে সম্পৃক্ত করে। অন্যথায় তা কোনো কাজে আসবে না।
‘বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অবকাঠামো চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা অবকাঠামো উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা এবং দুর্নীতি কমানোর পরামর্শ দেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। দৈনিকটির সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সেমিনারে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। মূল প্রবন্ধ পাঠ করেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ।
মুস্তফা কামাল তাঁর বক্তব্যে অবকাঠামো উন্নয়নে দেশের মানুষকে সম্পৃক্ত করার কথা বলেন। তিনি বলেন, ‘এটা না হলে উন্নয়ন বিফলে যাবে। প্রত্যেক মানুষকে উন্নয়নের আওতায় আনতে না পারলে তা টেকসই হবে না।’
গতকাল বেলা ১১টায় সেমিনারের নির্ধারিত সময় ছিল। তবে শুরু হয় ৪০ মিনিট পর। মন্ত্রী আসেন আরও মিনিট দশেক পর।
তার আগে অবশ্য দু-চারজন ছাড়া অধিকাংশ বক্তাই অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। কারণ হিসেবে সবাই জানান, প্রচণ্ড যানজট।
কয়েকজন আলোচক যানজট নিয়ে কথা বলেন। তাঁদের মধ্যে একজন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ‘তিন বছর আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার আধা ঘণ্টায় আসা গেলেও এখন লাগে তিন ঘণ্টা।’
আনোয়ার বলেন, দেশে অনেক উন্নয়ন হলেও ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে। তাই পুরো বাংলাদেশ নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকরী পরিকল্পনা করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল, অর্থনীতিবিদ এ কে এনামুল হক, চট্টগ্রাম এক্সচেঞ্জের চেয়ারম্যান আবদুল মজিদ, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা প্রমুখ।