অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ কোম্পানির জন্য শর্ত শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌত অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুতের মতো অগ্রাধিকার খাতের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে এসব খাতের কোম্পানিগুলো উৎপাদন কার্যক্রম পরিচালনা ও মুনাফা করার মেয়াদ কমপক্ষে এক বছর হলেই বুক বিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে অর্থ উত্তোলনের আবেদন করতে পারবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে কোনো কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছাড়তে চাইলে ন্যূনতম তিন বছর উৎপাদন কার্যক্রম পরিচালনা (অপারেশনে থাকা) করার প্রমাণ দিতে হতো। এর মধ্যে অন্তত দুই বছর মুনাফা করেছে এমন নজিরও দেখানোর প্রয়োজন হতো। অন্যান্য খাতের কোম্পানির জন্য এ শর্ত বলবৎ থাকলেও অবকাঠামো ও জ্বালানি এবং বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোকে এখন থেকে এ শর্ত মানতে হবে না।যোগাযোগ করা হলে এসইসির সদস্য মনসুর আলম প্রথম আলোকে জানান, বর্তমানে এ খাতটি দেশের সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য এ খাতের উন্নয়ন অনিবার্য। তাই এসব খাতের উদ্যোক্তারা যাতে অপেক্ষাকৃত সহজ উপায়ে বাজার থেকে পুঁজি ওঠাতে পারেন, সে কথা মাথায় রেখেই বুক বিল্ডিং পদ্ধতির সংশ্লিষ্ট শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। মনসুর আলম আশা করেন, এর ফলে বাজারে এসব খাতের শেয়ারের সরবরাহ বাড়বে, যা বাজারের বর্তমান শেয়ারের ঘাটতি পূরণে বেশ সহায়ক হবে। এসইসির সূত্র জানায়, অবশ্য কোনো কোম্পানি স্থির মূল্যপদ্ধতি বা ফিক্সড প্রাইস মেথডে শেয়ার ছাড়তে চাইলে তার ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য হবে না। এমনকি এই আইনে উৎপাদন কার্যক্রম শুরুর আগেই (গ্রিন ফিল্ড) বাজার থেকে অর্থ ওঠানোর আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রজ্ঞাপনে বুক বিল্ডিং পদ্ধতিতে আরেকটি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো মনোনীত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি কোম্পানির নির্দেশক মূল্য নির্ধারণের জন্য আয়োজিত রোড শোতে অংশ নিয়ে দর নির্ধারণে ভূমিকা না রাখে, তাহলে সেই প্রতিষ্ঠান চূড়ান্ত দরপত্রে অংশ নিতে পারবে না। একইভাবে কোনো প্রতিষ্ঠান নির্দেশক মূল্য নির্ধারণ-প্রক্রিয়ায় অংশ নিলে প্রতিষ্ঠানটিকে অবশ্যই চূড়ান্ত দরপত্রে অংশ নিতে হবে। সংশ্লিষ্ট কোম্পানি ও কোম্পানির ইস্যু ব্যবস্থাপক যৌথভাবে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও তাদের ঘোষিত মূল্যের তালিকা খসড়া বিবরণীপত্রের (প্রসপেক্টাস) সঙ্গে কমিশনে জমা দেবে। এসইসি মনে করছে, এর ফলে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কারসাজির পরিমাণ অনেক কমে আসবে। এর বাইরে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন ও শেয়ার ছাড়ার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে কোম্পানির পরিশোধিত মূলধন (বিদ্যমান ও প্রস্তাবিতসহ) ৩০ কোটি টাকা হলে বাজার থেকে অর্থ সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে কোম্পানিটিকে কমপক্ষে ১২ কোটি টাকার শেয়ার ছাড়ার প্রস্তাব করতে হবে। তবে এর পরিমাণ কোনোভাবেই বিদ্যমান ও প্রস্তাবিত পরিশোধিত মূলধনের ১০ শতাংশের কম হতে পারবে না। গত ২১ অক্টোবর এসইসি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হলো।এ ছাড়া কোম্পানির শেয়ারের প্রতিটি মার্কেট লট বা গুচ্ছের ন্যূনতম মূল্য হতে হবে এক হাজার টাকা বা এর গুণিতক। এর অর্থ, কোনো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হলে একটি লটে কমপক্ষে ১০০ শেয়ার থাকতে হবে। আর অভিহিত মূল্য ১০০ টাকা হলে ন্যূনতম শেয়ার সংখ্যা থাকতে হবে ১০টি।