অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে ৫০ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি প্রকল্পে এ ঋণ দেওয়া হবে, যা ব্যয় হবে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা এবং বাণিজ্য অবকাঠামো উন্নয়নে।
বিশ্বব্যাংক বলেছে, অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ দরকার। কিন্তু সক্ষমতার অভাবে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো খুব বেশি অর্থায়ন করতে পারে না। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্যই ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিয়াল ফ্যাসিলিটি’ (আইপিএফএফ-২) শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অন্যটি হচ্ছে আঞ্চলিক সংযোগ প্রকল্প।
আইপিএফএফ প্রকল্পের অধীনে এর আগে দেশের ১১টি ছোট বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব কেন্দ্রের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫৫০ মেগাওয়াট। এসব প্রকল্প সফল হওয়ার কারণেই আইপিএফএফের দ্বিতীয় প্রকল্প শুরু করা হচ্ছে। এ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট অর্থায়ন ৩৫ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ৩৮ বছর মেয়াদি ২৫ কোটি ৭০ লাখ ডলারের জন্য কোনো সুদ দিতে হবে না। তার পরও গ্রেস পিরিয়ড ৬ বছর। বাকি ১০ কোটি ডলার ৩০ বছরের জন্য, যাতে গ্রেস পিরিয়ড ৯ বছর।
অন্যদিকে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আঞ্চলিক সংযোগ প্রকল্পের আওতায় অর্থায়ন করা হবে অবকাঠামো খাতে। এ খাতে বিনা সুদে মোট ১৫ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। ৬ বছর গ্রেস পিরিয়ডসহ এ ঋণ পরিশোধের সময় ৪৪ বছর।