অবকাঠামো উন্নয়নের অবহেলায় ভবিষ্যতে বাড়তি মূল্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো খাতের উন্নয়নে এখনকার অবহেলায় ভবিষ্যতে বাড়তি মূল্য দিতে হবে বলে মনে করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক পরিচালক এম তেরেসা খো। তিনি বলেন, বিনা মূল্যে কিছুই আসবে না। তাই অবকাঠামো উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন। তেরেসা খো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তবে এ-ও ঠিক, অবকাঠামো খাতের যথাযথ উন্নয়ন ছাড়া তা সম্ভব হবে না।’রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘বাংলাদেশে দ্রুত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা: এডিবির ভূমিকা’ শীর্ষক মধ্যাহ্নভোজ সভায় তেরেসা খো এসব কথা বলেন। এবারের সভায় সম্মানিত অতিথি ও বক্তা ছিলেন তেরেসা খো। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডি মজীনা, অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম, নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ।তেরেসা খো বলেন, দুই দশক ধরেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মোটামুটি সন্তোষজনক। এটি আরও বাড়ত, যদি না অবকাঠামো খাত পিছিয়ে থাকত।এডিবি যদিও সহায়তা করে যাচ্ছে, তবে সার্বিক অবকাঠামো উন্নয়নে তা যথেষ্ট নয় বলে মনে করেন তেরেসা খো। তাই তিনি সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থার ওপর জোর দেন। খো আরও বলেন, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিশেষ করে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে সংযোগের মাধ্যমে সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে সুশাসনকে অগ্রাধিকার দিয়ে থাকে বলে জানান তেরেসা খো। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডি মজীনা বলেন, ‘সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একটি চমৎকার সফর করেছেন। প্রধানত ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে তিনি কথা বলে গেছেন।’ তবে শ্রমমানের বিদ্যমান পরিস্থিতি বজায় থাকলে বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্র অতটা আগ্রহী হবে না বলে জানান মজীনা।অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম বলেন, অবকাঠামো উন্নয়নে স্থানীয় ও বিদেশি-দুই ধরনেরই বিনিয়োগ দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক যে দুটোই বাংলাদেশে কম। যাঁরা ক্ষমতায় রয়েছেন এবং ভবিষ্যতে যাঁরা ক্ষমতায় আসবেন-উভয়ের প্রতিই বেসরকারি খাতকে দেওয়া তাঁদের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন অ্যামচেম সভাপতি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অন্তত বাস্তব রূপ লাভ করুক।বৃহৎ দুই রাজনৈতিক দলের মধ্যকার বিভেদ এবং সুশাসনের অভাবের কারণে দেশের উন্নয়ন পিছিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন আফতাব উল ইসলাম।‘আমি হরতাল ঘৃণা করি’—মার্কিন রাষ্ট্রদূতের সোমবারের এই উক্তির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, এই বক্তব্য থেকে রাজনৈতিক দলগুলো তাদের বার্তা পাবে।’ মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে তারল্য সংকটে রয়েছে। এডিবি ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) খাতে অর্থায়ন করতে পারে।অন্যদের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব আলী যাকের, মামুন রশিদ, মাঈনুদ্দিন মোনেম প্রমুখ আলোচনায় অংশ নেন।