অবকাঠামো ও অশুল্ক বাধা দক্ষিণ এশীয় সম্পৃক্ততার পথে অন্তরায়
উচ্চ পরিবহনব্যয় ও অপ্রতুল অবকাঠামো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক করিডর সৃষ্টির পথে বিরাট অন্তরায় হয়ে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যমান দিপক্ষীয় বাণিজ্যে বিভিন্ন অশুল্ক প্রতিবন্ধকতা।সুতরাং এসব প্রতিবন্ধকতা অপসারণ করা ছাড়া দক্ষিণ এশিয়ায় কোনো আঞ্চলিক সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব হবে না।গতকাল শনিবার ঢাকায় ব্র্যাক সেন্টারে দিনব্যাপী এক সেমিনারে আলোচনার মধ্য দিয়ে এমন অভিমতই প্রকাশ পেয়েছে। এতে বক্তারা আরও বলেন, কাগজে-কলমে কিছু অগ্রগতি থাকলেও বাস্তবে তা নেই।এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঢাকাভিত্তিক সানেম এবং নয়াদিল্লিভিত্তিক আরআইএস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।আরআইএসের গবেষক প্রবীর দে বলেন, আঞ্চলিক ভিত্তিতে ট্রানজিট বাণিজ্য অনুপস্থিতি। পরিবহনব্যয়ও অনেক বেশি। এ রকম অবস্থায় আঞ্চলিক সম্পৃক্ততা আশা করা যায় না। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, বাংলাদেশ আঞ্চলিক সম্পৃক্ততা ও ট্রানজিটের বিষয়ে কাজ করছে। অথচ বেসরকারি খাতের কোনো অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্যবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার পারস্পরিক স্বীকৃতি থাকা উচিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক নাজনীন আহমেদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী পণ্য তৈরি পোশাকের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির পরিমাণ খুবই কম। অথচ, ভারতসহ এসব দেশ থেকে পণ্য আমদানি সময় ও খরচসাশ্রয়ী হওয়ার কথা। তিনি আরও বলেন, নিম্নমান ও উচ্চমূল্যের কারণে আমদানিকারকেরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে উৎসাহিত হয় না। অথচ চীন, হংকং এমনকি সুদূর জার্মানি থেকেও পণ্য আমদানি করা হয়।