ভৌত অবকাঠামোর প্রতিবন্ধকতা এবং জ্বালানি ও বিদ্যুতের অব্যাহত সংকটের কারণে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। আর তাই চলতি ২০১১-১২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জন নির্ভর করছে এ দুই ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সংকট নিরসনে সরকারের সাফল্যের ওপর।দেশের অন্যতম প্রভাবশালী বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এই অভিমত প্রকাশ করেছে। বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ অবস্থা পর্যালোচনা প্রতিবেদনে এমসিসিআইয়ের এই অভিমত প্রকাশ পেয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো ও জ্বালানি-সংকট নিরসনে সরকারের জোরালো প্রতিশ্রুতি আছে, আছে এসব সংকট নিরসনের প্রচেষ্টাও। তবে সরকার কত দ্রুত ও অর্থবহভাবে এসব সমস্যা সমাধান করে, তার ওপর নির্ভর করছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) মোট বিনিয়োগ বৃদ্ধি পাওয়া।গতকাল এমসিসিআইয়ের এ পর্যালোচনা প্রতিবেদন সংবাদপত্রের কাছে পাঠানো হয়। এতে মূলত ২০১০-১১ অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন খাতের অবস্থা পর্যালোচনা করে সার্বিক অর্থনীতির ওপর আলোকপাত করা হয়েছে।এমসিসিআই বলছে, গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬ দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বিভিন্ন দাতা সংস্থা ও স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসের তুলনায় বেশ ওপরে। এটি অর্থনীতির ভালো অর্জন।এমসিসিআই আরও বলেছে, কৃষি খাত বেশ ভালো করেছে, তবে চলতি অর্থবছরে এ প্রবৃদ্ধি ধরে রাখতে কৃষি উপকরণ ও অর্থায়নে সরকারি সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে শিল্প খাতের উৎপাদনে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।তবে গত অর্থবছরের শেষ প্রান্তিকে বাড়তি কিছু বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ মোট উৎপাদন কিছুটা বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক পিছিয়ে আছে। কেননা, এখন বিদ্যুতের চাহিদা ছয় হাজার মেগাওয়াট, অথচ প্রকৃত উৎপাদন চার হাজার ২০০ থেকে চার হাজার ৮০০ মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করছে। এমসিসিআই মনে করে, জ্বালানির স্বল্পতা বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।