অবকাঠামো ও সুশাসনের অভাবই বিদেশি বিনিয়োগের প্রধান বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) খুবই কম। অথচ বিনিয়োগ বাড়ার বড় সম্ভাবনা রয়েছে। এ জন্য যথেষ্ট নীতি-সহায়তাও রয়েছে। তার পরও বিনিয়োগ বাড়ছে না মূলত অবকাঠামো ও সুশাসনের অভাবে।গতকাল ‘বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এমন অভিমতই প্রকাশ করেন। ঢাকার একটি হোটেলে সেমিনারটির আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশ, এশিয়া ফাউন্ডেশন ও ইস্টার্ন ব্যাংক।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, ‘শুধু প্রণোদনা দিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানো যাবে না। এ জন্য আরও কিছু দরকার।’ তবে তিনি বিষয়টি ব্যাখ্যা করেননি। তাঁর মতে, কিছু লুকায়িত কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান অবশ্য এও বলেন, বিনিয়োগকে উৎসাহিত করতে ইতিমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) আইন প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এটি বাস্তবায়ন করা হবে।এস এ সামাদ বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে হলে বিনিয়োগের হার ৩২ শতাংশে উন্নীত করতে হবে। কিন্তু বিনিয়োগের হার এখনো ২৩-২৪ শতাংশে রয়ে গেছে।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হতাশাজনকভাবে কম। এজন্য অবকাঠামোগত সংকট অন্যতম কারণ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূত্র উল্লেখ করে বলেন, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, দুর্নীতি, অদক্ষ সরকারি আমলাতন্ত্র, নীতির অস্থিরতা ও শিক্ষিত জনশক্তির স্বল্পতা এ দেশে বিনিয়োগের প্রধান পাঁচটি অন্তরায়।দেবপ্রিয় বলেন, বাংলাদেশে মোট বিনিয়োগের ৭৯ শতাংশই আসে মাত্র ১০টি দেশ থেকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিনিয়োগই ৩০ শতাংশ। আর এখন সেবা খাতে বিদেশি বিনিয়োগের প্রবণতা বেড়েছে।তথ্য-উপাত্ত তুলে ধরে দেবপ্রিয় দেখান যে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার তুলনায় মুনাফা প্রত্যাবাসনের মাধ্যমে বিনিয়োগ প্রবাহ বাইরে চলে যাওয়ার পরিমাণ বাড়ছে। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলোর আয়ের ক্ষেত্রে এটা হচ্ছে। তিনি এটাকে মুদ্রা রপ্তানি (এক্সপোর্ট) বলে মন্তব্য করেন।বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বিশ্ব মন্দা, জ্বালানি মূল্যে অস্থিরতা, বাণিজ্যে নানাবিধ বাধা, বিনিময় হারে অস্থিরতা, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা—এই পাঁচটি কারণও বিদেশি বিনিয়োগ প্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে তিনি জানান।সূচনা বক্তব্যে অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর বলেন, বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে গ্যাস-বিদ্যুতের সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্নীতি এবং সুশাসনের অভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিলম্বের কথা উল্লেখ করেন। বিনিয়োগ বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে তাঁদের। আর ধ্বংসাত্মক রাজনীতি থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপও দেখতে চান তাঁরা। সেমিনারে এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি হাসান মজুমদার বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার অভাবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন না বিনিয়োগকারীরা। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। মূলধন গঠন, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সমৃদ্ধিতে এই বিনিয়োগ বড় ভূমিকা রাখতে পারে।শেভরন বাংলাদেশের সভাপতি জিওফ্রে স্ট্রং তাঁর প্রবন্ধে বলেন, জ্বালানি খাতে বিনিয়োগ পেতে হলে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানাতে হবে।সেমিনারে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ফারুক চৌধুরী।সভাপতির বক্তব্যে আফতাব উল ইসলাম বলেন, সুশাসনের অভাব ও ব্যবসা পরিচালনার উচ্চ ব্যয়সহ কিছু কারণে দেশে বিদেশি বিনিয়োগ তেমন বাড়ছে না।