দেশের অবকাঠামো খাতে ২০৩০ সালের মধ্যে ৩২০ বিলিয়ন বা ৩২ হাজার কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন হবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এই বিনিয়োগ আনতে সংগঠনটি খাতভিত্তিক যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও নির্ধারিত সময়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের তাগিদ দিয়েছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করে ঢাকা চেম্বার গত রোববার এই তাগিদ দেয় বলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ সময় চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, বর্তমানে দেশের অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে প্রতিবছর প্রায় ৬৩২ কোটি ডলার বিনিয়োগ হচ্ছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৮৭ শতাংশ।
ডিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে মূলত সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল। এ সময় আবুল কাসেম খান অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। দেশের উৎপাদন খাতের উদ্যোক্তারা জ্বালানিসংকটে ভুগছেন উল্লেখ করে তিনি স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার, দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে কয়লানীতি দ্রুত চূড়ান্ত করা ও দেশীয় কয়লা উত্তোলনের ওপর জোর দেন। তিনি সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধানের পরামর্শও দেন।
পরিকল্পনামন্ত্রী যত্রতত্র শিল্পকারখানা স্থাপন না করে বিশেষায়িত শিল্প এলাকায় কলকারখানা স্থাপনের জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এ সময় পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম, ডিসিসিআইয়ের সহসভাপতি কামরুল ইসলাম, হোসেন এ সিকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।