অবকাঠামো খাতের গবেষণা সংস্থা এফপিডির যাত্রা শুরু
গবেষণার মাধ্যমে দেশের অবকাঠামো খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশে (এফপিডি)। অলাভজনক, অবাণিজ্যিক ও অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা করা ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতামত নেওয়ার জন্য সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে। গতকাল সোমবার ‘এফপিডির আত্মপ্রকাশ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ জানানোর জন্য রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিকল্পনাবিদ তৌফিক এম সেরাজ, নির্বাহী পরিচালক আনিসউদ্দিন ইকবাল, সদস্যসচিব মাহমুদুল হাসান, পরিচালক তানভীরুল হক প্রবাল, কুতুবউদ্দিন আহমেদ, রবিউল আলম ও চৌধুরী জামাল আশরাফ উপস্থিত ছিলেন। তৌফিক এম সেরাজ বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত বেশির ভাগ ক্ষেত্রেই উপেক্ষিত হয়ে থাকে। তা ছাড়া দেশে ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে যেসব দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী পেশাজীবী আছেন, তাঁদের মতামত নেওয়ার কোনো নিয়মিত প্রক্রিয়া নেই। এফপিডি তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবে।অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সময়ের আলোচিত বিভিন্ন বিষয় যেমন ভূমিকম্প, ভবনে অগ্নিকাণ্ড, অপরিকল্পিত নগরায়ণ, ইত্যাদি বিষয়ের ওপর কারিগরি গবেষণা করবে এফপিডি। এসব খাতের উন্নয়নের স্বার্থে বাস্তবসম্মত সুপারিশও তৈরি করবে।