অবকাঠামো, দুর্নীতি ও অদক্ষ আমলাতন্ত্র ব্যবসায় প্রধান সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামোর অপর্যাপ্ততা, দুর্নীতি ও অদক্ষ আমলাতন্ত্রকে ব্যবসার ক্ষেত্রে প্রধান তিনটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এ দেশের ব্যবসায়ীরা। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক জরিপে অংশগ্রহণকারী বাংলাদেশের সেবা ও উত্পাদন খাতের ৭৭ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা উদ্যোক্তা এই মত দিয়েছেন। ন্যূনতম ১০ কোটি টাকার সম্পদ ও বিশ্ব বাণিজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যবসায়ীরাই জরিপে অংশ নেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বিশ্বের প্রায় ১৪৮টি দেশের মধ্যে এই জরিপটি চালিয়েছে। গতকাল বুধবার এটি প্রকাশ করা হয়। বাংলাদেশি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করে।
সিপিডি জানিয়েছে, ১৯৮৯ সাল থেকে ডব্লিউইএফ নিয়মিতভাবে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করছে। ২০০১ সালে বাংলাদেশকে তাতে অন্তর্ভূক্ত করা হয়।
গতকাল প্রতিবেদনটি প্রকাশের পর আজ বৃহস্পতিবার সিপিডি সেটির নানা বিশ্লেষণ তুলে ধরে। এ জন্য বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশেষ অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর। প্রতিবেদনটির বিশ্লেষণ তুলে ধরেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম ও স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। ২০১৩ সালে এই সূচকে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম। তবে বাংলাদেশের এই উন্নতিকে খুবই প্রান্তিক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ডব্লিউইএফের প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতির পেছনে সাতটি ইতিবাচক পরিবর্তন বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। সেগুলো হলো অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উচ্চ শিক্ষা, পণ্য বাজারে দক্ষতা, পরিশীলিত আর্থিক বাজার, বাজারের আকার এবং নতুনত্ব। এসবক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন হলেও অন্য পাঁচটি ক্ষেত্রে অবনতি ঘটেছে। সেগুলো হচ্ছে-প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, শ্রম বাজারের দক্ষতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং পরিশীলিত বাণিজ্য।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘গত বছর রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ এক ধাপ এগিয়েছে যা ইতিবাচক।’ রাজনীতিবিদদের নৈতিকতার বিষয়ে প্রতিবেদনে উল্লেখিত তথ্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে আমু বলেন, রাজনীতি না থাকলে দেশে আর কিছুই থাকবে না। রাজনীতিবিদদের সমালোচনা করা যেতে পারে, তবে সেটির একটি পরিধি থাকতে হবে। রাজনৈতিক প্রতিষ্ঠান যদি ভেঙ্গে পড়ে বা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আস্থাহীন হয়ে পড়ে তাহলে দেশের যে অবস্থা তৈরি হবে সেটি কারো জন্য মঙ্গলজনক হবে না। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি জানান।
মন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমরা এত দিন জেনে এসেছি সমালোচনা ছাড়া রাজনীতি টিকতে পারে না। আর আজ মন্ত্রী বললেন, বুঝে শুনে সমালোচনা করতে।’
পদ্মা সেতুর দুর্নীতি মামলায় অভিযুক্তদের দুদকের দায়মুক্তির সমালোচনা করে বিএনপি নেতা আমীর খসরু বলেন, পদ্মায় যেটি হয়েছে সেটি ছিল সরকার অনুমোদিত দুর্নীতি। তাই এই ঘটনায় কানাডায় মামলা চললেও দুদক সবাইকে দায়মুক্ত করে দিয়েছে।
সৈয়দ মঞ্জুর এলাহি বলেন, রাজনীতিবিদ, বেসরকারি উদ্যোক্তা, সুশীল সমাজ ও সরকারের মধ্যে মতৈক্য ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। কিন্তু আমাদের দেশে এখন সেটির বড় অভাব দেখা দিয়েছে।
স্বাগত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতা সক্ষমতা বিষয়ক এ প্রতিবেদনটি একটি ধারণাভিত্তিক (পারসেপশন) প্রতিবেদন। এতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক অবস্থার বর্তমান অবস্থাকে তুলে আনা হয়েছে।
সৈয়দ নাসিম মঞ্জুর তাঁর বক্তব্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি যাই উত্পাদন করি না কেন তা সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দিতে না পারলে কোন লাভ নেই।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, রাজনীতিবিদদের সবার আগে বদলাতে হবে। তাঁরা বদলালে দেশও বদলে যাবে।