অবকাঠামো নিশ্চিত হলে ব্যবসায় বড় অগ্রগতি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: গত কয়েক মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় রয়েছে। সার্বিকভাবে গত অর্থবছরে রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ অবস্থায় আগামী দিনে রপ্তানি বাণিজ্যের গতি-প্রকৃতি সম্পর্কে আপনার বিশ্লেষণ কী?ফজলুল হক: এটা ঠিক যে গত কয়েক মাস একটু খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছে আমাদের রপ্তানি বাণিজ্য। তবে সার্বিকভাবে বছর ধরে হিসাব করলে তা হতাশাজনক বলে আমি মনে করি না। আমাদের প্রবৃদ্ধি কিন্তু এখনো প্রায় ৬ শতাংশ রয়েছে। আগের বছর আমরা অনেক বেশি প্রবৃদ্ধি করেছিলাম। সেই ৪১ শতাংশ প্রবৃদ্ধির হারকে আমি কিছুটা অস্বাভাবিক প্রবৃদ্ধি বলে মনে করি। কেননা, প্রতিবছর এই উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়।তবে হতাশার চিত্র আছে। সেটা হচ্ছে, পোশাক নিট পোশাক রপ্তানির ক্ষেত্রে। প্রায় ১০ বছর ধরে আমরা ওভেন পোশাকের চেয়ে বেশি নিট পোশাক রপ্তানি করেছি। এবার সে ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এ অবস্থায় এখাত নিয়ে বিশ্লেষণ করা জরুরি বলে আমি মনে করি। কেননা বিশ্বব্যাপী পোশাক রপ্তানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে আমরা যে চিত্র পাই, সেটা কিন্তু আমাদের সঙ্গে মিলছে না। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, নিট পোশাক রপ্তানিতে কম্বোডিয়া ৫০ শতাংশ, লাওস করেছে ১৭ শতাংশ, ভারত ১৪ শতাংশ, ভিয়েতনাম ২৪ শতাংশ এবং চীন সাড়ে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এতেই বোঝা যায় যে আমরা যে বিশ্বমন্দার দোহাই দিচ্ছি, সেটা সব দেশের ক্ষেত্রে হওয়ার কথা, তা কিন্তু হচ্ছে না। প্রথম আলো: তাহলে সমস্যা কোথায় বলে আপনার মনে হয়?ফজলুল হক: আমি মনে করি, প্রধান সমস্যা অবকাঠামো। বিদ্যুৎ কিছুটা বেড়েছে, তবে গ্যাসের সংকট ব্যাপক। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকছে। নতুন বিনিয়োগ আসতে পারছে না। নতুন বিনিয়োগ না এলে প্রবৃদ্ধি ধরে রাখা যায় না। এই যে আপনাকে বললাম নিট পোশাকে প্রবৃদ্ধি কমে গেছে। এর কারণও কিন্তু এ খাতে আগের মতো বিনিয়োগ বাড়ছে না। তারপর ব্যাংক অর্থায়নের জোগান কমে গেছে। বছর বছর ধরে ব্যাংক খাতে তারল্যের সংকট আছে। ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী ব্যবসায়ীদের ঋণ দিতে পারছে না।প্রথম আলো: দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি কী?ফজলুল হক: সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্য ভালো আছে—এমন বলার অবকাশ নেই। রাজনৈতিক সমস্যা এখন নেই। তবে আগেই বলেছি, অবকাঠামোর সমস্যা বড় আকারে রয়েছে। রাস্তাঘাট, জমির বিরাট সমস্যা আছে। কারখানা করার মতো জমি মেলে না। জমির দামও অনেক বেশি। এসব সমস্যা কাটানো গেলে দেশের ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অগ্রগতি হবে এতে কোনো সন্দেহ নেই।প্রথম আলো: পোশাক খাতে শ্রমিক অসন্তোষ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়ে পড়েছে। এটা কেন?ফজলুল হক: আমি মনে করি, শ্রমিকদের বিষয়টি আরও একটু সচেতনভাবে দেখা উচিত। আমরা সমস্যা তৈরি হলেই কেবল তা সমাধানের চেষ্টা চালাই। আগেভাগেই এগুলো যাতে না হয় সে জন্য কী করণীয় তা নিয়ে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ—সবাইকে ইতিবাচকভাবে বিবেচনা করে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে শ্রমিকের প্রকৃত দাবি যেমন বিবেচনায় নেওয়া উচিত, তেমনই এর মধ্যে শ্রমিকদের ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা আছে কি না, তাও নজরে রাখা উচিত। ঝুট ব্যবসা বা স্বার্থান্বেষী মহল কোনো অপতৎপরতা চালাচ্ছে কি না, তা আগেভাগেই খুঁজে কঠোর ব্যবস্থা নিতে হবে।