অবকাঠামোই বড় প্রতিবন্ধকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ পরিস্থিতি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহিম। সাক্ষাৎকার নিয়েছেন সুনীতি বিশ্বাসপ্রথম আলো: অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) অবদান বাড়ানোর জন্য কী করা প্রয়োজন?আ ই: এসএমই খাত একটা দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। ঢাকা চেম্বার মনে করে ‘এসএমইতে অর্থায়ন নগর-গ্রাম উন্নয়ন।’ অর্থাৎ দেশের এসএমই খাতের উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীর পাশাপাশি নগরের জনসাধারণের অর্থনৈতিক উন্নয়ন হবে। এসএমই খাতের উন্নয়নে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। সহজ শর্তে ও স্বল্প সুদে তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই এ খাতের উন্নয়ন সম্ভব হবে। প্রথম আলো: শিল্প খাতের অগ্রগতির ক্ষেত্রে এখন বড় প্রতিবন্ধকতা কী কী?আ ই: অবকাঠামোই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই দ্রুত গতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন করতে হবে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে জ্বালানি-সংকট নিরসনের জন্য। দেশের অনেক শিল্পপতি কারখানা স্থাপন করে বসে রয়েছেন। গ্যাস ও বিদ্যুতের অভাবে চালাতে পারছেন না। আবার অনেকে কারখানা সম্প্রসারণের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে চান, কিন্তু করতে পারছেন না। এতে অনেক সুদ গুনতে হচ্ছে। বিদ্যুৎ-সংকটের কারণে অনেকেই গ্যাসভিত্তিক জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। প্রতি ইউনিটে সাড়ে তিন টাকার মতো ব্যয় হয়। কিন্তু ডিজেল বা ফার্নেস অয়েল দিয়ে জেনারেটর চালালে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ে ১৪ টাকা। এতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায়। তাই বেসরকারিভাবে ডিজেল বা ফার্নেস অয়েল খাতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করা উচিত। সর্বোপরি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গ্যাসের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের দিকে নজর দিতে হবে। দ্রুত কয়লানীতি চূড়ান্ত করতে হবে। বিদ্যুতের ব্যবহার গ্রামেও বেড়েছে। গত কোরবানির আগে একটি বহুজাতিক কোম্পানির ২৭ হাজার ফ্রিজ বিক্রি হয়েছে। এতেই বোঝা যায়, শিল্প কলকারখানা ছাড়াও শহর ও গ্রামে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এই চাহিদা মেটাতে হলে উৎপাদন বাড়াতে হবে। বলা যেতে পারে, উন্নত অবকাঠামোর অভাব, বিদ্যুৎ-জ্বালানির অপ্রতুলতা, যোগাযোগের সমস্যা, ঋণের উচ্চ সুদের হার এবং আধুনিক প্রযুক্তির স্বল্পতার কারণে দেশের শিল্পায়ন-প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। প্রথম আলো: তৈরি পোশাক খাতে ইদানীং অনেক বেশি শ্রম অসন্তোষ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে? এ থেকে পরিত্রাণের উপায় কী?আ ই: মালিক-শ্রমিক সম্পর্কের আরও উন্নয়ন করতে হবে। কারণ, কারও একার পক্ষে উৎপাদন বাড়ানো সম্ভব নয়। আগে সুসম্পর্ক থাকলেও বর্তমানে এই সম্পর্কে কিছুটা চিড় ধরেছে। তাই সুসম্পর্ক বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার অবদান ছাড়া এ খাতের উন্নয়ন হবে না। রপ্তানিও বাড়বে না। আবার ১ জানুয়ারি থেকে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমরা এক স্তরের জিএসপি পেয়ে গেছি, সেহেতু ওভেন পোশাকের রপ্তানি অনেক বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রথম আলো: রপ্তানির নতুন বাজার খোঁজার কথা বলা হচ্ছে। তার সম্ভাবনা কতটুকু দেখছেন?আ ই: বাংলাদেশের নতুন রপ্তানি বাজার হয়ে উঠবে চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও আসিয়ানভুক্ত দেশগুলো। সুতরাং, নতুন বাজারের সম্ভাবনা অনেক। আবার বিশ্বের অনেক দেশই এখন চীনের পাশাপাশি অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে চাচ্ছে। এ জন্য বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি), ওষুধ, জাহাজনির্মাণ, চামড়া, পাদুকা প্রভৃতি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ, চীনের শ্রমিকদের উচ্চ মজুরির কারণে উৎপাদন ব্যয় বাড়ছে। এর প্রভাবে পণ্যের দাম বাড়ছে। এ সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের রপ্তানি বাজার অনেক বাড়বে।প্রথম আলো: অর্থনীতিতে কোন কোন খাতের সম্ভাবনা রয়েছে। এসব খাতের বিকাশের জন্য কী করা উচিত?আ ই: বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে অচিরেই চলে আসবে পর্যটন খাতের নাম। ইতিমধ্যে স্থানীয় পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলে চলতি বছরই এ খাত সম্ভাবনাময় খাত হয়ে উঠবে। তাই এ খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।প্রথম আলো: কিছুদিন আগে ঢাকা চেম্বারের একটি আন্তর্জাতিক সম্মেলনে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারবে। এর পেছনে আপনাদের যুক্তি কী?আ ই: বর্তমান সরকার যে ভিশন ২০২১ ঘোষণা করেছে, তা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর তাই ঢাকা চেম্বার এই ভিশন বাস্তবায়নে সরকারকে সবরকম সহযোগিতা দেয়। এবং এর ভিত্তিতেই ঢাকা চেম্বার মনে করে যে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৩০তম বড় অর্থনীতির দেশ হতে পারে। এ জন্য বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করতে হবে।