অবকাঠামোগত উন্নয়নে পিপিপি দরকার
দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিমূলক প্রকল্পের (পিপিপি) দরকার আছে। কিন্তু যথাযথ প্রকল্প, পরিকল্পনা ও অভিজ্ঞতাসম্পন্ন জনবল না থাকায় বরাদ্দ থাকা সত্ত্বেও সরকার পিপিপির আওতায় খুব একটা কাজ করতে পারছে না। ‘ফিজিবিলিটি স্টাডি অব পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্ট’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রশিক্ষণ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও আইপিএফএফ প্রকল্পের নির্বাহী পরিচালক এস কে এস সুর চৌধুরী, ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (্আইপিএজি) চেয়ারম্যান সৈয়দ মনির খসরু ও বিশ্বব্যাংকের প্রতিনিধি এ কে এম আবদুল্লাহ।আতিউর রহমান বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের অবকাঠামোগত উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না। ২০১৫ সাল পর্যন্ত দেশের অবকাঠামো উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু সরকারের একার পক্ষে এই অর্থের জোগান দেওয়া সম্ভব না। এ ক্ষেত্রে পিপিপি কার্যকরী ভূমিকা রাখতে পারে। গভর্নর আরও বলেন, সড়ক ও বিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পিপিপির মাধ্যমে হতে পারে। এ ধরনের প্রকল্পের চাহিদাও আছে। তবে এখন শুধু পিপিপি দাঁড় করাতে দক্ষ জনশক্তি দরকার। মো. আবদুল করিম বলেন, অর্থ মন্ত্রণালয় টাকা নিয়ে বসে আছে। কিন্তু ভালো ও কার্যকরী প্রকল্পের অভাবে গত দুই বছরে পিপিপির অধীনে তেমন কিছুই করতে পারেনি সরকার। আবদুল করিম আরও বলেন, পিপিপি বাস্তবায়নে বড় বড় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ভালো প্রকল্প তৈরি করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক যৌথভাবে এ বিষয়ে কাজ করছে। পিপিপি কার্যালয়: গতকাল সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কার্যালয় প্রতিষ্ঠা ও সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।সূত্র জানায়, দেশের অবকাঠামো খাতে পিপিপির উদ্যোগ কার্যকর ও গতিশীল করতেই এ অনুমোদন দেওয়া হয়। সূত্রমতে, সাংগঠনিক কাঠামোর মধ্যে পিপিপি কার্যালয়ে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকবেন, যিনি নিয়মিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠাবেন। এ ছাড়া থাকবেন চারজন ব্যবস্থাপক, চারজন উপব্যবস্থাপক ও ১০ জন সহায়ক জনবল।কাঠামোতে বলা হয়েছে, প্রতিযোগিতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হবে। তবে সরকারের অন্য সংস্থা থেকে প্রেষণে নিয়োগ দেওয়ারও বিধান রাখা হয়েছে।অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হওয়ার আগে বিষয়টি সচিব কমিটিতে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে।