কোরিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো হলে তাঁরা এ দেশে বিনিয়োগ বাড়াবেন। তাঁরা মনে করেন, বাংলাদেশের চামড়া, পাদুকা, বস্ত্র ও তৈরি পোশাক, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, কেমিক্যাল, কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে।ঢাকায় গতকাল সোমবার এক সেমিনারে কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক কো-অপারেশন কমিটির চেয়ারম্যান ও সফররত কোরীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতা কিহাক সুং এই অভিমত দেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) যৌথভাবে ‘বিনিয়োগ পরিবেশ এবং বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। দেশে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকায় কোরিয়ান রাষ্ট্রদূত টাইয়াং চো, কেসিসিআইয়ের পরিচালক হেই জিন সিন, কেবিসিসিআইয়ের পরিচালক এ এস এম মাঈনুদ্দিন মোনেম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, এম এ মোমেন, ওবায়দুর রহমান এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। সেমিনারে এ কে আজাদ কোরিয়ার বিনিয়োগকারীদের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ পরিবেশ অনেক ভালো। এখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারিভাবে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়। বিদেশি বিনিয়োগকারীরা শতভাগ মালিকানায় কারখানা স্থাপন করতে পারেন। এসব বিনিয়োগ সরকারিভাবে সুরক্ষা দেওয়া হয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়, নতুন শিল্প স্থাপনে কর অবকাশসুবিধাসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়।টাইয়াং চো বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। কিন্তু এই ঘাটতি কমানোর সুযোগ রয়েছে। উন্নতমানের পণ্য উৎপাদন করলে কোরিয়ায় রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে এ দেশে আরও কোরিয়ান বিনিয়োগ করতে আসবেন। কিহাক সুং বলেন, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে কোরিয়ার উদ্যোক্তারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছেন। এ দেশে ভালো বিনিয়োগ পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পেলে কোরিয়া থেকে আরও প্রচুর পরিমাণ বিনিয়োগ আসবে।