অবকাঠামোর উন্নয়নে পিপিপির বিকল্প নেই
অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) এখন সময়ের দাবি। শুধু বাংলাদেশ নয়, এটি আজ বিশ্ব বাস্তবতা। যে কারণে পিপিপির মাধ্যমে অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই যুক্ত হয়ে আছে বিশ্বের প্রায় ১০০টি দেশ। অবকাঠামোর উন্নয়নে পিপিপি তাই বিকল্পহীন হয়ে উঠছে। ‘পিপিপি বৈশ্বিক বিনিয়োগকারী ফোরাম: বাংলাদেশ-২০১২’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে এই অভিমত উঠে আসে। গত শুক্রবার শুরু হওয়া এ সম্মেলনের গতকাল শনিবার ছিল সমাপনী দিন। অবকাঠামো উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে প্রথমবারের মতো বৈশ্বিক বিনিয়োগকারীদের এ সম্মেলন বসে ঢাকায়। এর আয়োজক যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) ও পিপিপি কার্যালয়। দেশি-বিদেশি প্রায় ৮০০ জন উদ্যোক্তা, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, পেশাগত উপদেষ্টা ও পরামর্শক, আন্তর্জাতিক অর্থায়নকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাণিজ্যিক ঋণদাতারা এতে অংশ নেন। সম্মেলনে উপস্থাপিত বিবরণপত্রে (ফোরাম প্রসেডিংস) বলা হয়, অবকাঠামো খাতে বিনিয়োগ বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২ শতাংশ। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এটিকে ৬ শতাংশে উন্নীত করতে হবে, যার ৭৫ শতাংশই আসবে বেসরকারি খাত থেকে। পিপিপিকে গুরুত্ব দিতে গিয়ে সরকারের ২০০৯ সালের জুনে বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রকল্প চিহ্নিত করা ও চলতি বছরের ফেব্রুয়ারিতে পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ পর্যন্ত ১১ ধাপ পার হওয়ার কথা সম্মেলনে তুলে ধরা হয়। শুক্রবার প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। যোগাযোগ খাতের সড়ক, রেল, সেতু ও বন্দর; জ্বালানি; পানি ও বর্জ্য ব্যবস্থাপনা; হোটেল ও পর্যটন; হাসপাতাল; অর্থনৈতিক অঞ্চল ও আবাসন খাতে পিপিপি ভিত্তিতে বিনিয়োগের সুযোগ থাকার নানা দিক তুলে ধরা হয় সম্মেলনে। উদ্বোধনের পর দুই দিনে বাংলাদেশের পিপিপির সম্ভাব্যতার ওপর কয়েকটি প্লিনারি অধিবেশন, বিজনেস ফোরাম ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ‘বিশেষজ্ঞরা আগামী দিনের অবকাঠামো উন্নয়ন পিপিপির সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে বলে মত দেন। তাঁরা বলেন, পিপিপির জন্য আইনি কাঠামো আগের চেয়ে বর্তমানে অনেক সুসংহত হয়েছে। বলা যায়, বেসরকারি খাতের আকর্ষণে তা বেশ সন্তোষজনক। বেসরকারি খাত এখন এগিয়ে এলেই প্রকল্পগুলোর বাস্তবায়ন সহজ হয়। পিপিপি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আফসর এইচ উদ্দিন পিপিপি প্রকল্পের জন্য সরকার প্রণীত আইনি দিক ও অর্থ বিভাগের পিপিপি ইউনিটের উপসচিব ফারুক হোসেন অর্থায়ন-সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন সম্মেলনে। প্যানেল আলোচনার দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে গতকাল বিকেলে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) জ্যেষ্ঠ বিনিয়োগ কর্মকর্তা ফিদা রানা বাংলাদেশের পিপিপি প্রকল্পে ৪০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন। একই অধিবেশনে আইএফসির দক্ষিণ এশীয় অঞ্চলের অ্যাডভাইজরি সার্ভিসেস বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক এম মাসরুর রিয়াজ জানান, বাংলাদেশের বেসরকারি খাতসহ পিপিপি বাবদ তারা বিনিয়োগ করবে ৬০ কোটি ডলার। সম্মেলনের বিভিন্ন ফোরামে সঞ্চালক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এস সামাদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ইডকলের সিইও ফওজুল কবীর খান, ব্যরিস্টার নিহাদ কবির প্রমুখ।