দেশে ভৌত অবকাঠামোর অবস্থা বিদ্যুত্ ও গ্যাস খাতের সঙ্গে সঙ্গে দুর্বল হচ্ছে, যা শিল্পে বিনিয়োগকারীদের হতাশার কারণ হয়ে উঠেছে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।সংগঠনটি আরও বলেছে. দুর্বল প্রশাসন ও দুর্বল আইনশৃঙ্খলা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে, যা বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমকে নিরুত্সাহিত করছে। এসব সমস্যা মোকাবিলায় একযোগে সব ধরনের প্রচেষ্টা নেওয়া প্রয়োজন বলে মনে করছে এমসিসিআই।২০০৯-১০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক অবস্থার ওপর সংগঠনটি যে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এসব কথা বলা হয়েছে।এমসিসিআই আরও বলেছে, অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনার বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। পতনের পর মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করেছে, যা আরেকটি দুশ্চিন্তার কারণ বলে মনে করে এমসিসিআই। উচ্চতর অভ্যন্তরীণ চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি জুলাই থেকে সরকারের জীবিকা-ব্যয় কমানোর পদক্ষেপগুলো কমে যাওয়ার কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে এমসিসিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংকুচিত হয়ে আসছে—এ তথ্য উল্লেখ করে এমসিসিআই বলছে, বিদেশি বিনিয়োগের অভ্যন্তরীণ প্রবাহ গত অর্থবছরের একই সময়ের (প্রথমার্ধের) তুলনায় কমে গেছে।সংগঠনটি সংগতিপূর্ণ আর্থিক-অর্থনৈতিক-বাণিজ্যিক-বিনিময় হার নীতি প্রয়োগ করে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছে।মেট্রো চেম্বার আরও জোর দিয়েছে রপ্তানি ভিত্তি বাড়িয়ে রপ্তানি খাতকে শক্তিশালী করা ও নতুন বাজার খুঁজে বের করার ওপর।প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃষকদের তাঁদের উত্পাদনের বিশেষ করে ধানের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এমসিসিআিই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নকে আরও উন্নত এবং সামাজিক খাতে সরকারি অর্থ ব্যয়কে কার্যকর করার সুপারিশ করেছে।সর্বোপরি, মন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সবল হয়, ততক্ষণ পর্যন্ত সরকারের প্রণোদনা গুচ্ছ (প্যাকেজ) চালু রাখার পক্ষে মত দিয়েছে দেশের প্রভাবশালী বাণিজ্য সংগঠনটি।চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়কালের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এমসিসিআই বলেছে, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতি ভালোভাবে অগ্রসর হয়েছে। শিল্পোত্পাদন বৃদ্ধি পাওয়া একটি ইতিবাচক ধারা প্রদর্শন করছে। প্রবাসী-আয় এবং বাজেটে দেওয়া সুবিধার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় এমনটি হচ্ছে বলেও মনে করছে মেট্রো চেম্বার।কৃষি খাত মজবুত হয়েছে উল্লেখ করে এমসিসিআই বলছে, কৃষিতে গত বছরের মতোই উচ্চ প্রবৃদ্ধির হার বজায় থাকবে বলে মনে করা যায়। সংগঠনটির মতে, শিল্প এবং বড় ধরনের সেবা খাতের বিভিন্ন উপখাত (যেমন: নির্মাণ) দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী মাসগুলোয় আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। ইতিবাচক দিক হিসেবে এমসিসিআই বলছে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে এবং এডিপি বাস্তবায়নের হার বেড়েছে।এ ছাড়া গত অর্থবছরের প্রথমার্ধের নেতিবাচক প্রবৃদ্ধি থেকে বেরিয়ে রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক উন্নয়ন ঘটেছে বলে উল্লেখ করেছে সংগঠনটি। মেট্রো চেম্বার আরও বলেছে, জনশক্তি রপ্তানি থমকে যাওয়ার পরও প্রবাসী-আয় স্থির রয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ধারাবাহিকতা বজায় রেখেছে।