অবকাঠামোসহ নানা সমস্যায় জর্জরিত বটুলি স্থল শুল্কবন্দর
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্কবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এখন যোগাযোগব্যবস্থাসহ অবকাঠামোগত দুর্বলতা ও নানামুখী সমস্যায় জর্জরিত। যে কারণে সম্ভাবনাময় এই স্থল শুল্কবন্দর থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৯ জুলাই জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে বটুলি স্থল শুল্কবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের উদ্বোধন করা হয়।আমদানি-রপ্তানিকারকেরা অভিযোগ করে বলেন, জুড়ী-বটুলি সড়কে তিনটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্ন জায়গা এখন খানাখন্দে ভরা। তা সত্ত্বেও সড়ক ও সেতুর কোনো সংস্কার হচ্ছে না। এর ওপর বটুলিতে কোনো পণ্যাগারও না থাকায় অনেক সময়ই মালামাল নষ্ট হয়। এসব কারণে এই বন্দর ব্যবহারে দিন দিন তাঁদের আগ্রহে ভাটা পড়ছে।সূত্র জানায়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ২০০৩ সালের ২৮ নভেম্বর থেকে বটুলি দিয়ে ভিসা ইস্যু করা বন্ধ করে দেয়। তবে ভারতীয়রা ঠিকই আসা-যাওয়া করতে পারে।জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত প্রথম আলোকে বলেন, ভারতীয় হাইকমিশনের ভিসা না দেওয়ার বিষয়টি তৎকালীন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।বটুলি স্থল শুল্কবন্দর দিয়ে বর্তমানে ভারত থেকে লেবু, সাতকরা, কমলা, টমেটো ও আদা ইত্যাদি আসছে। আর বাংলাদেশ থেকে কটন গেঞ্জি, নুড়ি পাথর, প্লাস্টিকের জুতা, তাজা মাছ ও মশারির কাপড় রপ্তানি হচ্ছে।বটুলিতে ইমিগ্রেশন চেকপোস্টে এখন দুই কক্ষের জরাজীর্ণ একটি টিনশেড ঘরে পুলিশের একজন এএসআই ও চারজন কনস্টেবল সেখানে দায়িত্ব পালন করছেন। এএসআই বদরুদ্দোজা জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণেরও ব্যবস্থা নেই এখানে।স্থল শুল্কবন্দর কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, বটুলিতে কোনো স্থাপনা না থাকায় শুরু থেকেই জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে ভাড়া করা কক্ষ থেকে কার্যক্রম চালাতে হচ্ছে।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বটুলি স্থল শুল্কবন্দরের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।