অবকাঠামোয় বিনিয়োগকে প্রাধান্য দিতে হবে
অবকাঠামোকে বাংলাদেশের উন্নয়নযাত্রার সবচেয়ে বড় প্রতিবন্ধক উল্লেখ করে ঢাকা চেম্বার এই খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বালানি-সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে সংগঠনটি। খবর ইউএনবির।গতকাল সোমবার মতিঝিলে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। ৭ ডিসেম্বর ‘বাংলাদেশ ২০৩০: স্ট্র্যাটেজি ফর গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী যে সম্মেলনের আয়োজন করা হয়, তাতে প্রাপ্ত সুপারিশগুলো তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা চেম্বার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।গতকালের সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। চেম্বারের নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহিম ও অন্য পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন।আবুল কাসেম খান বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানি ও অবকাঠামো, যা বারবারই সম্মেলনের আলোচনায় উঠে এসেছে। আমরা মনে করি, বাংলাদেশকে জ্বালানি সমস্যার সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিল্পকারখানায় গ্যাসের প্রাথমিক ব্যবহার নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদে কয়লাভিত্তিক জ্বালানি নিরাপত্তা গ্রহণ করতে হবে।’ ঢাকা চেম্বার সভাপতি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরের সংস্কার, ঢাকা শহরের ট্রাফিক ও পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং নদী ও রেলপথের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চীনের অস্তমিত (সানসেট) শিল্পগুলো বাংলাদেশে পুনরায় স্থাপনের জন্য জোরালোভাবে কাজ করতে হবে। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনে প্রধান সুবিধা হলো তুলনামূলক কম মুজরি। চীনে মজুরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে সবার নজর আকৃষ্ট করতে হবে। ঢাকা চেম্বার আরও মনে করে, লক্ষ্য অর্জনের জন্য এ উন্নয়ন হওয়া উচিত ব্যাপক আকারে। সমাজের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর খাতগুলোকে উন্নয়নের মূল চালিকাশক্তিতে রূপান্তর করা প্রয়োজন, যাতে এ উন্নয়ন সম্ভব হয়। ঢাকা চেম্বার নেতারা বলেন, সব ধরনের প্রতিকূলতার মধ্যেও একটি প্রগতিশীল উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হয়েছে, যাকে সব ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন। এতে করে তারা সব ধরনের সুযোগ কাজে লাগাতে পারবে। গবেষণা ও উন্নয়নে বাংলাদেশকে কঠোর পরিশ্রম করতে হবে—সম্মেলনের এই সুপারিশ উল্লেখ করে ঢাকা চেম্বার নেতারা বলেন, এ জন্য জাতীয় গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি নীতিনির্ধারক মহলের উচিত বেসরকারি খাতের সঙ্গে একত্র হয়ে কৌশল নির্ধারণ করা, যাতে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশে উন্নীত হতে পারে।