অবনমনের হুমকিতে জার্মানির ঋণমান
ইউরোপের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে খ্যাত জার্মানির সার্বভৌম ঋণমান হুমকির মুখে পড়েছে।আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী অন্যতম সংস্থা মুডিস জানিয়েছে, স্পেন ও ইতালির পরিস্থিতি গোটা ইউরো অঞ্চলকেই হুমকির মুখে ফেলেছে। এটি ঋণসংকটকে আরও জটিল করে তুলতে পারে, যা থেকে জার্মানিও মুক্ত নয়।আর তাই জার্মানির বর্তমান ঋণমান ‘এএএ’ সম্পর্কে সংস্থাটি যে পূর্বাভাস দিয়েছে, তাতে ‘স্থিতিশীল’ না বলে ‘নেতিবাচক’ উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর মানে হলো ঋণমানের একধাপ অবনমন হতে পারে।এখন জার্মানির পাশাপাশি নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ উভয়েরই ঋণমান ‘এএএ’ রয়েছে। তবে আগামী দিনে তা নেতিবাচক হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।তবে জার্মান সরকার ঋণমান নির্ণয়কারী সংস্থার এই ধরণের পূর্বাভাসে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, জার্মানির অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী পর্যায়ে আছে। সুতরাং ঋণমান নিয়ে নেতিবাচক পূর্বাভাস কাম্য নয়। এর আগে বছরের প্রথম দিকে ফ্রান্স ও অস্ট্রিয়া তাদের দীর্ঘদিনের ‘এএএ’ ঋণমান খুইয়েছে। ‘এএএ’ হলো ঋণমানের সর্বোচ্চ পর্যায়, যা থেকে বোঝা যায়, এই মানযুক্ত বন্ড শুধু ঝুঁকিহীনই নয়, বরং উঁচু মানের।একটি দেশ আন্তর্জাতিক বাজার থেকে বন্ডের মাধ্যমে ঋণ নিলে তা ফেরত দিতে কতটুকু সক্ষম হবে, ঋণমান তা বোঝায়। ঋণমান যত উচ্চ হয়, ঋণ গ্রহণ করা তত সহজ হয়। কোনো দেশের ঋণমান কমে গেলে ঋণদাতারা ঋণের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে ওঠে। সূত্র: এএফপি।