চলমান রাজনৈতিক সহিংসতা পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে ২০-দলীয় জোটকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখা এবং বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে ঘোষিত অবরোধ কর্মসূচি প্রত্যাহারেরও দাবি জানিয়েছে এফবিসিসিআই।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
এফবিসিসিআই বলেছে, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। এ বছর ২৬টি দেশের সমন্বয়ে অর্থনীতি ফোরাম কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) আওতাধীন ওই দেশগুলোর ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করবেন। সিএসিসিআইয়ের অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভারত, চীন, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী নেতারা বাংলাদেশ সফর করবেন। এ অবস্থায় লাগাতার অবরোধসহ যেকোনো নেতিবাচক কর্মসূচি দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।
ব্যবসায়ী সংগঠনটি বলেছে, শিগগিরই ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অবরোধের কারণে পরীক্ষা বন্ধ হলে তাতে শিক্ষাথীরা একটি সেশন হারাবে। আবার বিশ্ব ইজতেমার প্রস্তুতির প্রাক্কালে মুসল্লিদের ঢাকায় আগমনও বিপর্যয়ের মুখে পড়েবে।