অবরোধ বাড়াল কমতে থাকা পেঁয়াজের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস ধরে বাড়তে থাকা পেঁয়াজের দাম গত এক-দেড় সপ্তাহে বেশ কমেছিল। কিন্তু টানা অবরোধ আবারও বাড়িয়ে দিয়েছে কমতে থাকা পেঁয়াজের দর।
গত বৃহস্পতি ও শুক্রবারও রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়। তবে গতকাল রোববার বাজারে দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হয়।
আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দুই দফায় টানা অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় পেঁয়াজ আসতে পারছে না। স্থলবন্দরগুলোতে আটকে আছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজও।
নভেম্বর মাসে দুই দফায় সাত দিন হরতাল এবং চার দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধী দল। এখনো অবরোধ চলছে, চলবে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত। এ ছাড়া বিভিন্ন স্থানে আঞ্চলিকভাবেও কয়েক দিন হরতাল পালিত হয়েছে।
রাজধানীর পেঁয়াজ-রসুন-আদার বড় পাইকারি বাজার শ্যামবাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ভারতে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। এরই মধ্যে দেশি নতুন (মুড়িকাটা) পেঁয়াজও সীমিত পরিমাণে উঠতে শুরু করেছে। এসবের প্রভাবে দুই ধরনের পেঁয়াজেরই দাম কমে এসেছিল।
আমদানিকারকেরা জানান, ভারতের পেঁয়াজ উৎপাদনকারী সবচেয়ে বড় অঞ্চল নাসিকে পেঁয়াজ ইতিমধ্যেই উঠে গেছে। ওই পেঁয়াজ আমদানি করে ঢাকায় আনতে আমদানিকারকদের খরচ হচ্ছে ৩৫ টাকা। কয়েক সপ্তাহ আগেও ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে খরচ পড়ত ৬০ টাকার বেশি।
অন্যদিকে পাবনার ঈশ্বরদী, বৃহত্তর ফরিদপুর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার মেহেরপুরে কিছু পরিমাণে মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে মজুত প্রায় শেষের দিকে থাকা পুরোনো দেশি পেঁয়াজের ওপরও চাপ কমতে শুরু করেছিল।
আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে এ দুই ধরনের পেঁয়াজই ঢাকায় আনতে পারছেন না তাঁরা। তাই শ্যামবাজার এখন অনেকটাই পেঁয়াজশূন্য। সে কারণে পেঁয়াজের দাম আবারও বাড়তে শুরু করেছে।
তিন দিন আগেও শ্যামবাজারে দেশি পেঁয়াজের মধ্যে পুরোনো ৬০ থেকে ৬৫ টাকায় এবং নতুন ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হয়। এখন এ বাজারে নতুন পেঁয়াজ নেই বললেই চলে। পুরোনো পেঁয়াজও হাতে গোনা। ওই পেঁয়াজই গতকাল বেড়ে বিক্রি হয় ৯০ থেকে ৯২ টাকায়।
আর ভারতীয় পেঁয়াজের কেজি পাইকারি বাজারে নেমে এসেছিল ৪০ থেকে ৪৫ টাকায়। সেই পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকায়।