অবরোধ-হরতালে নিতাইগঞ্জে আটা ও ময়দার বাজার মন্দা
চলমান টানা হরতাল-অবরোধে নারায়ণগঞ্জের পাইকারি ভোগ্যপণ্যের বড় বাজার নিতাইগঞ্জে আটা-ময়দার বাজার এখন মন্দা। গত ১৫ দিনে প্রতি বস্তায় আটার দাম কমেছে ১০০ টাকা। একই সময় ময়দার দাম কমেছে বস্তায় ১৫০ টাকা।
এ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এমনটাই জানা গেছে। তাঁরা বলছেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু টানা হরতাল-অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা নিতাইগঞ্জে আসতে পারছেন না। ফলে বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। বিক্রি বাড়াতে কম দামে আটা-ময়দা বিক্রি করতে হচ্ছে তাঁদের।
আবার আটা-ময়দা এক-দেড় মাসের বেশি মজুত রাখা যায় না। এর বেশি সময় মজুদ রাখলে তাতে পোকা ধরে ও দুর্গন্ধ হয়। ফলে মিলমালিকেরা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এভাবে লোকসান দিলে আগামী মৌসুমে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে জানান ব্যবসায়ীরা।
সরেজমিনে গত সোমবার নিতাইগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে ভালো মানের আটা (৫০ কেজির বস্তা) বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়, যা ১৫ দিন আগেও বিক্রি হয় ১ হাজার ৪০০ টাকায়। আর কিছুটা নিম্নমানের ৫০ কেজির বস্তা আটা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ২৪০ টাকায়, এর দাম ছিল ১ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে ভালো মানের ময়দা বাজারে বিক্রি হচ্ছে (৭৪ কেজির বস্তা) ২ হাজার ৪০০ টাকা ও কিছুটা নিম্নমানের ময়দা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। এই ময়দা ১৫ দিন আগেও বিক্রি হয় ২ হাজার ৪৫০ টাকা থেকে ২ হাজার ৫৫০ টাকায়।
নারায়ণগঞ্জ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক শাহিরুল জানান, আটা দীর্ঘদিন মজুদ রাখা যায় না। নষ্ট হওয়ার আগেই ব্যবসায়ীরা লোকসান দিয়ে আটা বিক্রি করে গুদাম খালি করছেন। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
শাহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহিন মিয়া জানান, প্রতিদিনই বাজারে আটা, ময়দার দাম কমছে। বাজারে এখন যে দামে এসব পণ্যের বেচাকেনা হচ্ছে, তা দিয়ে দোকান খরচই মেটানো যাচ্ছে না। তিনি জানান, নিতাইগঞ্জের ছোট ছোট মিলগুলোতে আটা-ময়দার স্তূপ জমে আছে।
নারায়ণগঞ্জ আটা, ময়দা মিলমালিক সমিতি ও সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, নিতাইগঞ্জ থেকে দেশের এক-তৃতীয়াংশ জেলায় ভোগ্যপণ্য সরবরাহ হয়ে থাকে। কিন্তু টানা হরতাল অবরোধের কারণে সরবরাহ অর্ধেকেরও নিচে নেমেছে। ব্যবসায়ীদের প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এখানকার বেশির ভাগ ব্যবসায়ী ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করেন। ব্যবসা টিকিয়ে রাখতে হরতাল-অবরোধের সময় ব্যাংকঋণের সুদ মওকুফের দাবি জানান তিনি।