অবরোধে আবাসন খাতে ক্ষতি ১৬৫৬ কোটি টাকা

চলমান অবরোধ-হরতালে আবাসন ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় ও মূল্য আদায় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রকল্প এলাকায় পণ্যসামগ্রী পৌঁছাতে না পারায় নির্মাণকাজও প্রায় বন্ধ। ক্রেতারা ফ্ল্যাট ও প্লটে অর্থ বিনিয়োগ করছেন না। ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা। সব মিলিয়ে নতুন করে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে আবাসন খাত।
এমন উদ্বেগ জানিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব তাদের ঋণগ্রহীতা সদস্যদের দুই বছরের জন্য ব্যাংক ঋণের সুদ মওকুফসহ পুনঃতফসিল করতে সরকারের কাছে সুযোগ চেয়েছে। একই সঙ্গে স্বল্প ও মধ্যম আয়ের ক্রেতাদের জন্য এক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদহারে ঋণ দিতে তহবিল গঠনের দাবি জানিয়েছে।
রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামীন। তিনি জানান, বর্তমানে ব্যাংকগুলোতে আবাসন ব্যবসায়ীদের ঋণ নেওয়ার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে মানুষ ও অর্থনীতির কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলোকে দেশে শান্তি ফিরিয়ে আনা এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। অবশ্য এতে আরও বলা হয়, গত ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে আবাসন খাতের সার্বিক অবস্থা তুলে ধরে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তবে এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি।
রিহ্যাব সভাপতি দাবি করে বলেন, ৪৬ দিনের অবরোধ হরতালে সব মিলিয়ে আবাসন ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৬৫৬ কোটি টাকা। একই সঙ্গে নির্মাণশিল্পের অন্যতম উপকরণ ইট, বালু, সিমেন্ট, রড, রং, বৈদ্যুতিক তার, টাইলস ইত্যাদি ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।
পরে জানতে চাইলে আলমগীর শামসুল আলামীন প্রথম আলোকে বলেন, রিহ্যাবের ১ হাজার ২০০ সদস্যের প্রতিদিন তিন লাখ টাকা ক্ষতি ধরে ১ হাজার ৬৫৬ কোটি টাকা দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের সুদ, নির্মাণকাজ না হলেও কর্মকর্তাদের বেতন, ক্রেতাদের কিস্তি পরিশোধ করছেন না ইত্যাদি হিসাব করলে গড়ে প্রতিদিন ৩ লাখ টাকা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি খাতের ব্যবসায়ীদের সংগঠনের নেতারা। আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।