অবরোধে ক্ষতিগ্রস্তদের এসএমই ঋণে বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণপ্রবাহে বিশেষ সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পুনঃতফসিল, এককালীন জমা বা ডাউন পেমেন্ট দেওয়া থেকে সুদ স্থগিত, সব ক্ষেত্রেই নমনীয় হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা আজ বুধবার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে এসএমই খাত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সক্ষমতা হারাচ্ছে। ফলে এসএমই খাতে দেওয়া ঋণগুলো ক্রমশ খেলাপি ঋণে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আর্থিক খাত উন্নয়নে এসএমই খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণপ্রবাহ অব্যাহত রাখা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে এসএমই খাতে দেওয়া ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে এককালীন জমার বিষয়টি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা, অশ্রেণীকৃত ঋণ (স্ট্যান্ডার্ড ও এসএমএ) পুনর্গঠনের মেয়াদকাল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, প্রয়োজনে ঋণের সুদ স্থগিত বা ব্লক হিসাবে স্থানান্তর এবং সুদহার নির্ধারণে নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এসব সুবিধা বলবত্ থাকবে।