অবরোধে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালসহ জানুয়ারি মাসের রাজনৈতিক ডামাডোলে বাজারে খাদ্যপণ্যের দামে প্রভাব পড়েছে। গত কয়েক মাসের খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার ধারাবাহিকতা রক্ষা করা যায়নি জানুয়ারিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেখা গেছে, গত জানুয়ারি মাসে মাসওয়ারি ভিত্তিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বিবিএসের এ তথ্য সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের অভ্যন্তরে খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে। কাঙ্ক্ষিত স্থানে পর্যাপ্ত খাদ্যপণ্য পৌঁছাতে পারেনি। এর ফলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে।
জানুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে টানা ২৬ দিন অবরোধ কর্মসূচি চলছে। এ সময়ে বেশ কয়েক দফা জাতীয় ও স্থানীয়ভাবে হরতালও হয়েছে। এ কারণে পণ্য পরিবহন সংকটের মধ্যে পড়ে।
প্রথম আলোর বিভিন্ন প্রতিবেদনেও দেখা গেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের স্থলবন্দরগুলো থেকে আমদানি পণ্য পরিবহন কমেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে চাল, ডাল, শাকসবজির মতো খাদ্যপণ্যের পরিবহনও স্বাভাবিক ছিল না। স্বাভাবিক সময়ের মতো খাদ্যপণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে না পারায় দাম বেড়েছে।
মূল্যস্ফীতি গণনার পাশাপাশি আরেকটি হিসাবে বিবিএস দেখিয়েছে, চাল, ডাল, মাছ-মাংস, ভোজ্যতেল, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে ১ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, জানুয়ারির আগের তিন মাসে ধারাবাহিকভাবে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। গত ডিসেম্বরে ৫ দশমিক ৮৬, নভেম্বরে ৬ দশমিক ৪৪ ও অক্টোবরে ৭ দশমিক ১৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।
তবে সুখবর হলো, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়লেও জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে এ হার হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ। গত ডিসেম্বর মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। চলতি অর্থবছরের শুরু থেকেই ধারাবাহিকভাবেই সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এমনকি খাদ্যবহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ০১ শতাংশে নেমেছে। গত ডিসেম্বর মাসে এ হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্যের দাম কমে যাওয়ায় খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে।
এদিকে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। গত জানুয়ারি মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ, আর গ্রামে এ হার ৫ দশমিক ৮১ শতাংশ।
ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে মানুষের ওপর চাপ বাড়ে। আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ে বা কমে—সেই হিসাব বিবেচনায় এনে মূল্যস্ফীতি গণনা করা হয়। উদাহরণ দিয়ে বলা যায়, গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ। এর অর্থ হলো, ২০১৩ সালের জানুয়ারি মাসে একজন ভোক্তা একটি পণ্য ১০০ টাকায় কিনেছিলেন। আর এ বছরের জানুয়ারি মাসে তা কিনেছেন ১০৬ টাকা ৪ পয়সায়। এক বছরের ব্যবধানে ওই পণ্যের দাম বেড়েছে ৬ টাকা ৪ পয়সা। মূল্যস্ফীতি হলো ৬ দশমিক ০৪ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল, সেটা বোঝায় জাতীয় মজুরি হার সূচক দিয়ে। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে জাতীয় মজুরি হার সূচক ৮৮৭৬। যা ২০১৩ সালের জানুয়ারি মাসের তুলনায় ৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এর মানে হলো, যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।