অবরোধে বিমা খাতে দিনে ক্ষতি ১৫ কোটি টাকা
রাজনৈতিক দলগুলোর সমস্যার কথা জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সংগঠনটির নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে হরতাল-অবরোধের পরিবর্তে পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্য ও সমস্যার কথা তুলে ধরার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিআইএর সভাপতি শেখ কবির হোসেন ও সহসভাপতি আহসানুল ইসলাম। সংগঠনের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিআইএ বলেছে, জোরপূর্বক নিজেদের চাহিদা পূরণের স্বভাব বর্তমান রাজনৈতিক দলগুলোর পেশা হয়ে দাঁড়িয়েছে।
ফলে তারা হরতাল, অবরোধ ও সহিংস কর্মকাণ্ড করছে। বিআইএর মতে, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল বা অবরোধ কর্মসূচির প্রয়োজন নেই দেশে।
জ্বালাও-পোড়াও করে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং হরতালের প্রতি জনগণের রায় আছে কি না, তা জানতে চাওয়া হচ্ছে না বলে মনে করে বিআইএ।
গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৪০০টি গাড়ি ভাঙচুর হয়েছে এবং বিমা খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে ১৫ কোটি টাকা।
এই তথ্য জানিয়ে শেখ কবির বলেন, হরতাল যদি দিতেই হয়, তা হতে পারে বরং এক ঘণ্টা বা অর্ধদিবসের জন্য।