অবরোধে ব্যবসায়ীরা বেশি অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান সভাপতি, রাজশাহী চেম্বার
মনিরুজ্জামান সভাপতি, রাজশাহী চেম্বার

লাগাতার অবরোধের কারণে রাজশাহী অঞ্চলের কাঁচামালনির্ভর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এই ক্ষতি হচ্ছে দুই দিক থেকেই। তাঁরা ঠিকভাবে ব্যবসা করতে পারলে যে আয় হতো, তা হচ্ছে না। অপর দিকে ব্যবসা-বাণিজ্য থমকে গেলেও ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ বৃদ্ধি থেমে থাকছে না।
২০-দলীয় জোটের অবরোধ, হরতাল আর বর্তমান রাজনৈতিক অস্থিরতায় রাজশাহী অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার এমনটাই বললেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান। এই ব্যবসায়ী নেতার মন্তব্য, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে রাজনীতিবিদদের কতটা ক্ষতি হয় তা বলতে পারব না। তবে এতে সব সময়ই ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অবরোধে ব্যবসায়ীরাই বেশি অসহায়।’
মনিরুজ্জামান বলেন, টানা অবরোধের কারণে ব্যবসায়ীরা অনেক চেষ্টা করেও যানবাহন পাচ্ছেন না। তাই ঢাকা থেকে মালামাল আনা-নেওয়া করা সম্ভব হচ্ছে না। যদিও দু-একটি যানবাহন পাওয়া যায়, তারও ভাড়া তিন থেকে চার গুণ বেশি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
অবরোধের মধ্যেও ব্যবসা সচল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, প্রশাসন খুব আন্তরিক। পণ্য পরিবহনের জন্য যেকোনো ধরনের সহযোগিতা চাইলে তারা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সহযোগিতা প্রদান করছে। কিন্তু শঙ্কা থেকেই যায়। পরিবহনমালিকদের প্রশাসনের সহযোগিতার কথা জানালেও তাঁরা এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যানবাহন রাস্তায় নামাতে রাজি হচ্ছেন না। প্রশাসনের এ ধরনের জরুরিভিত্তিক সহযোগিতার মাধ্যমে ব্যবসাকে স্বাভাবিক রাখা সম্ভব নয়। প্রশাসন সহযোগিতা করছে, আমরাও চেষ্টা করছি ব্যবসা সচল রাখার।’