অবরোধে সরবরাহ বিঘ্নিত, তাই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে ২০১৩ সালের শেষ দুই মাসে বাংলাদেশে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। ফলে বেড়ে যায় পণ্যের দাম। আর এটি বছরের শেষ দিকে এসে মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে।
সিটিব্যাংক এনএ তার বার্ষিক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে। প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশের জন্য গতকাল বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানটি বলছে, গত অক্টোবরে মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় কমে দাঁড়ায় ৭ দশমিক ০৩ শতাংশ, যা ২০১৩ সালের মধ্যে সর্বনিম্ন। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় নভেম্বরেই মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ১৫ শতাংশে। অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে টানা অবরোধ আর হরতালের কারণেই দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সরবরাহ না হওয়ায় মূল্যস্ফীতির হার বেড়েছে।
প্রসঙ্গত, নভেম্বরে তিন দফায় বেশ কয়েক দিন হরতাল কর্মসূচি পালন করে ১৮-দলীয় জোট।
সিটি ব্যাংক বলছে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ, অক্টোবরে সেটা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৫৫ শতাংশে। অবশ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতার কারণে এই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচেই ছিল।
সরকার চলতি অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ শতাংশ। এটা অবশ্য পুরোনো ভিত্তিবছর (১৯৯৫-৯৬) অনুযায়ী। নতুন ভিত্তিবছর অনুযায়ী (২০০৫-০৬) এটা হবে ৬ শতাংশ থেকে ৬ দশমিক ৫ শতাংশ।
প্রতিবেদনে বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৩ সালের বাণিজ্য ঘাটতির পরিমাণ গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম। এর কারণ হচ্ছে, এ সময়ে একদিকে রপ্তানি বেড়েছে, অন্যদিকে আমদানি মারাত্মকভাবে কমেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্য ঘাটতি এখন ৬৯০ কোটি ডলার। এটি আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ১০ শতাংশ কম।
বহুমুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ২০১৩ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহনক্ষম বলে মন্তব্য করেছে সিটিব্যাংক। এতে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থায়নে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সম্মত করতে ব্যর্থ হওয়া, একটি তৈরি পোশাক কারখানার ভবন ধসে এক হাজার ১০০ জনের বেশি শ্রমিকের প্রাণহানি ও এর জের ধরে যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করা, বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি এবং নজিরবিহীন রাজনৈতিক সহিংসতা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত করেছে প্রবৃদ্ধির সম্ভাবনা।
এসব প্রতিকূলতার মধ্যে ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। ফলে টানা দ্বিতীয় বছর প্রবৃদ্ধি কমেছে। তার পরও প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপর থাকা যথেষ্ট সন্তোষজনক বলে মনে করে সিটিব্যাংক। বিশেষত যেখানে ২০১৩ সালের উন্নয়ন দেশগুলোর প্রাক্কলিত প্রবৃদ্ধির হার ৫ শতাংশ।