অবরোধেও পণ্য এল পানগাঁওয়ে
বিরোধীদলীয় জোটের ডাকা অবরোধের মধ্যেও পণ্য এল দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালে। গতকাল মঙ্গলবার বিকেল চারটা ২৭ মিনিটে ‘পানগাঁও সাকসেস’ নামের কনটেইনারবাহী জাহাজ এই বন্দরে এসে পৌঁছে। উদ্বোধনের পর এটাই এই বন্দরে আসা প্রথম কনটেইনারবাহী জাহাজ।
পানগাঁও কনটেইনার টার্মিনাল সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে গতকাল বিকেলে পানগাঁও বন্দরে এসে পৌঁছে।
টার্মিনালে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের টার্মিনালের ইনচার্জ মো. বেলায়েত হোসেন জানান, জাহাজের ৩৮টি কনটেইনারের মধ্যে ১১টি পুরোপুরি পণ্যভর্তি। বন্দরটি চালু হওয়ায় অল্প সময় ও খরচে চট্টগ্রাম-ঢাকায় পণ্য আনা-নেওয়া করা যাবে, সড়কপথের ওপরও চাপ কমবে।
পানগাঁও সাকসেসের দায়িত্বরত কর্মকর্তা কমান্ডার হাবিব উল আলম জানান, রাতে ঘন কুয়াশা ও যাত্রাবিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে পৌঁছাতে ২৯ ঘণ্টা সময় লেগেছে। সবকিছু স্বাভাবিক থাকলে ১৪ থেকে ১৫ ঘণ্টার বেশি লাগবে না।
ব্যবসায়ীরা গতকাল সকাল থেকে পানগাঁও বন্দরে এসে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। বিকেলে নবীন টেক্সটাইল মিলসের পরিচালক ইকবাল মোহাম্মাদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘আজ বুধবার চট্টগ্রাম থেকে আমরা বিভিন্ন পণ্য বুকিং দেব। এখান থেকে সেগুলো খালাস করার বিষয়ে খোঁজখবর নিতে এসেছি।’ তিনি আরও জানান, গত ২১ নভেম্বরে বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে মালামাল আনা হয়েছে। অবরোধের কারণে বর্তমানে সেগুলো ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। প্রতিদিন এক হাজার ২৬০ ডলার ক্ষতি হচ্ছে। বিকল্প হিসেবে তাই এই পথে পণ্য আনা।
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারের ফরিদ উদ্দিন অ্যান্ড সন্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সাদেক আলী বলেন, ‘দু-তিন মাস পর পর চট্টগ্রাম থেকে প্লেনসিট কয়েল আনি। ২২-২৫ হাজার টাকা ভাড়া। নদীপথে মালামাল আনতে খরচ কম শোনায় খোঁজখবর নিতে এসেছি।’
সিঅ্যান্ডএফ এজেন্ট সিমকো ট্রেড ইন্টারন্যাশনালের এমডি মশিউল আলম বলেন, হরতাল-অবরোধের কারণে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য আনা-নেওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। এই বন্দরটি পুরোদমে চালু হলে পণ্য আনা-নেওয়ায় ব্যবসায়ীদের তেমন বেগ পেতে হবে না।
৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের পানগাঁওয়ে কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন। উদ্বোধনের পর পণ্য নিয়ে আসা এটাই প্রথম জাহাজ।
বন্দর সূত্রমতে, বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় মোট ৩২ একর জমিতে পানগাঁও কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হয়। এই নৌবন্দরটি প্রায় দুই হাজার ৪০০ টিইউএস কনটেইনার ধারণক্ষমতাসম্পন্ন। এটি চালু হলে পানগাঁও টার্মিনাল থেকে প্রাথমিকভাবে বছরে এক লাখ ১৬ হাজার টিইউএস কনটেইনার ওঠানামা করতে পারবে। পর্যায়ক্রমে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে পণ্য আনা-নেওয়া করবে।