অবরোধেও বন্দর থেকে পণ্য খালাস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনির্দিষ্টকালের ডাকা অবরোধেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে। আবার রপ্তানি পণ্যও বেসরকারি ডিপো থেকে এনে জাহাজে বোঝাই করা হচ্ছে। তবে স্বাভাবিক অবস্থার চেয়ে এই হার কিছুটা কম।
বন্দরের হিসাবে, অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত বন্দর চত্বর থেকে আমদানিকারকেরা ১ হাজার ৭১৩ একক কনটেইনার পণ্য খালাস করে নিয়েছেন। বন্দর চত্বরে কনটেইনার খুলে ট্রাক বা কাভার্ড ভ্যানে বোঝাই করে এসব পণ্য নেওয়া হয়। এ ছাড়া বেসরকারি ডিপোতে নেওয়া হয়েছে ৫৭৩ কনটেইনার। রেলপথে ঢাকায় নেওয়া হয় ৫২টি কনটেইনার। রপ্তানি পণ্যভর্তি এক হাজার ১৯ কনটেইনার জাহাজে বোঝাই করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, অবরোধেও পণ্য খালাসের হার স্বাভাবিক রয়েছে। রপ্তানি পণ্য জাহাজীকরণও হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বন্দর চত্বর থেকে প্রায় দুই হাজার কনটেইনার পণ্য খালাস হয়েছে বলে তিনি জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখে দেখা যায়, বন্দর থেকে আসা পণ্যবাহী গাড়ি যাচ্ছে ঢাকার দিকে। আবার ঢাকা ও মহাসড়কের পাশে অবস্থিত কনটেইনার ডিপো থেকে কনটেইনারভর্তি রপ্তানি পণ্য যাচ্ছে বন্দরের দিকে।