অবরোধের তৃতীয় দিনেও কমেছে সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবারও নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এদিন দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ৩৭ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৩০ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বাড়লেও এরপর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে, বেড়েছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসইতে আজ ৩৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১৪ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৮০ কোটি টাকা লেনদেন হয়।

সিএসইর সূচক কমেছে ১৬১ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

সিএসইতে আজ ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স। এ ছাড়া আরএন স্পিনিং, প্যারামাউন্ড টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ওরিয়ন ফার্মা, যমুনা অয়েল, বেঙ্গল উইন্ডসর, বিডি বিল্ডিং, সেন্ট্রাল ফার্মা, জিপিএইচ ইস্পাত প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।