
চলমান অবরোধ-হরতালে তৈরি পোশাকশিল্পে ২ কোটি ৪২ লাখ ডলারের ক্ষতি হয়েছে। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৮৯ কোটি টাকার সমান।
৪০টি পোশাক কারখানা গত ১৪ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অবরোধ-হরতালের ক্ষয়ক্ষতির হিসাব তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে জমা দেয়। এতে দেখা যায়, কারখানাগুলোর ১ কোটি ১৮ লাখ রপ্তানি আদেশ বাতিল হয়েছে। ক্রেতা প্রতিষ্ঠানকে মূল্যছাড় দিতে হয়েছে সাড়ে ৮ লাখ ডলারের। এ ছাড়া উড়োজাহাজে পণ্য পাঠাতে বাড়তি খরচ ১১ লাখ ডলার। নাশকতায় ক্ষয়ক্ষতি ৪২ লাখ ৭৩ হাজার ডলার। আর জাহাজীকরণে বিলম্ব বা আটকে আছে ৬১ লাখ ৮৬ হাজার ডলারের পণ্য।
এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সরকারের কাছ থেকে সুবিধা নিতে দাবিদাওয়ার তালিকা তৈরি করছে বিজিএমইএ। গত মাসে একটি বৈঠক করে ব্যাংকঋণের সুদ ছয় মাসের জন্য মওকুফসহ কয়েকটি বিষয়ে সরকারকে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম জানান, কাল সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিদাওয়া তুলে ধরা হতে পারে।
২.৪৩ কোটি মোট ক্ষতি
১১.০৪ লাখ
বিমানে পণ্য পরিবহন
৪২.৭৩ লাখ
নাশকতায়
৬১.৮৬ লাখ
জাহাজীকরণে বিলম্ব
৮.৫৪ লাখ
মূল্যছাড়
১.১৮ কোটি
রপ্তানি আদেশ বাতিল
* হিসাব মার্কিন ডলারে
সূত্র: বিজিএমইএ