অবলুপ্ত হচ্ছে পদ্মা সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সিমেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটি শিগগির বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের ২১ মার্চের মধ্যে বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে পদ্মা সিমেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটি শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের শেয়ারধারীদের পাওনা-সংক্রান্ত তথ্য যথাযথ কাগজপত্রসহ অফিসিয়াল লিকুইডেটর মো. মোকছেদুল ইসলামের কাছে জমা দিতে বলা হয়েছে।

পদ্মা সিমেন্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের কোম্পানি আইনের ১৩৩ ধারা মোতাবেক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারের পদ্মা সিমেন্টের অবলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টের ম্যাটার নং-৫৩/২০১২ অনুযায়ী সংশ্লিষ্ট পাওনাদারদের দাবিনামা দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

ওই আদেশ অনুযায়ী লিকুইডেটরের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘পদ্মা সিমেন্ট কোম্পানি লিমিটেডের কাছে কোনো পাওনা থাকলে পাওনার সপক্ষে মূল কাগজপত্র অথবা দলিলপত্রসহ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে এফিডেভিট করে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে পদ্মা সিমেন্টের অফিসিয়াল লিকুইডেটরের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। পরবর্তীতে দাবিনামা পরীক্ষা-নিরীক্ষার পর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টে দাখিল করা হবে।’

এ বিষয়ে মোকছেদুল ইসলামের সহকারী এম এ সাত্তার প্রথম আলোকে বলেন, ‘কেউ চাইলে দাবিনামা আদালতে জমা দিতে পারেন আবার আমাদের কাছেও জমা দিতে পারেন। আমরা তা আদালতে পৌঁছে দেব।’