অবলুপ্ত হচ্ছে প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড অবলুপ্ত হচ্ছে। এই অবলুপ্তির জন্য তৈরি নিরীক্ষা ও ট্রাস্টি প্রতিবেদন গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী মেয়াদ শেষে ফান্ডটির ইউনিটধারীদের প্রত্যেককে প্রাথমিকভাবে ইউনিটপ্রতি ১০৫ টাকা ৩২ পয়সা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর ৫৪ ধারা অনুযায়ী ফান্ডটির অবলুপ্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে ।
এ ছাড়া গতকালের সভায় বস্ত্র খাতের নতুন কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট।
বিএসইসির তথ্য অনুযায়ী, পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকায় ফার ইস্ট নিটিং কোম্পানিটি পুরো উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন বা বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানসন), ব্যাংকের মেয়াদি ঋণ শোধ ও আইপিও খরচ নির্বাহ করবে। ২০১৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরসহ বিগত পাঁচ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসের গড় দাঁড়িয়েছে তিন টাকা ২৮ পয়সা। একই সঙ্গে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সায়।
একই সভায় ইউএফএস ইউনিট ফান্ড নামে ১০ কোটি টাকার একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করেছে বিএসইসি। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইউনিভার্সেল ফিন্যান্সিয়াল সলিউশান (ইউএফএস)।
এর বাইরে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড (কুপনধারী সাব-অর্ডিনেটেড) অনুমোদন করা হয়েছে। এই বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। কোম্পানিটির বর্তমান শেয়ারধারীদের বাইরে বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা, করপোরেট প্রতিষ্ঠানের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করতে হবে। বন্ডটির প্রতিটি গুচ্ছের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির কুপন হার হবে সর্বোচ্চ ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে।