প্রায় দুই বছর ধরে নানা পর্যায়ে আলোচনা-সমালোচনার পর অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা দিচ্ছে। সংস্থাটির বর্ধিত ঋণ-সহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের জন্য বিনা সুদে এই ঋণ দেওয়া হচ্ছে।ইসিএফের আওতায় কোনো একক দেশের জন্য এটিই সবচেয়ে বড় অঙ্কের ঋণ। গত বুধবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থার পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশের জন্য ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণের এই প্রস্তাব অনুমোদন করা হয়।তিন বছর ধরে এই ঋণ দেওয়া হবে। এর প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে প্রায় ১৪ কোটি ১০ লাখ ডলার। প্রথম কিস্তির অর্থ খুব দ্রুত ছাড় করা হবে বলে জানানো হয়েছে।এই ঋণের জন্য জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো, সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ, ব্যাংকঋণের সুদের হারে সীমা প্রত্যাহারসহ বাংলাদেশকে আইএমএফের বেশ কিছু শর্ত ইতিমধ্যে মানতে হয়েছে। ভবিষ্যতে আরও কিছু শর্ত পালনেও রাজি আছে বাংলাদেশ।যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গণমাধ্যম প্রতিনিধিদের বলেন, ‘এযাবৎকালের মধ্যে আইএমএফের কাছ থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণের এই ঋণ অত্যন্ত সহজ শর্তে পাওয়া যাবে। এই অর্থ আইএমএফের প্রেসক্রিপশনে নয়, বরং বাজেট বিবৃতি অনুযায়ী আমাদের নিজস্ব কর্মসূচিতে ব্যয় করা হবে।’আইএমএফ তার ওয়েবসাইটে বাংলাদেশের ঋণ অনুমোদনের তথ্য দেওয়ার পাশাপাশি ঋণ পেতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে লেখা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আগ্রহপত্র, অর্থনৈতিক ও আর্থিক নীতিগুলোর স্মারক এবং কারিগরি সমঝোতা স্মারক-সংবলিত একটি দলিল প্রকাশ করেছে।এই দলিলে সারের দাম বাড়ানোর এবং আগামী ডিসেম্বর নাগাদ জ্বালানি তেলে ভর্তুকি কমানোর জন্য একটি স্বয়ংক্রিয় ফর্মুলায় যাওয়ার কথা বলেছে সরকার। বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রধান এতেরি কিনত্রাজে গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকেদের বলেন, মোট সাত কিস্তিতে এই ঋণ-সহায়তা ছাড় করা হবে। ইসিএফ ঋণে কোনো সুদ নেই। ঋণ নেওয়ার পর সাড়ে পাঁচ বছর পর্যন্ত পরিশোধ অব্যাহতি (গ্রেস পিরিয়ড) থাকবে। এরপর সাড়ে চার বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘এক বছর ধরে এ নিয়ে আইএমএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলাম। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতা, সরকারের রূপকল্প এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেসব কর্মসূচি রয়েছে, তারই আলোকে আমরা যে স্মারক তৈরি করে দিয়েছিলাম, আইএমএফ তার ভিত্তিতেই ঋণ দিচ্ছে।’আইএমএফের ঋণের শর্ত পূরণের জন্য জনজীবনে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু কাজ আমাদের এমনিতেই করতে হবে। শুধু আইএমএফের ঋণ পাওয়ার জন্য নয়। জ্বালানি তেলের ওপর এখন পর্যন্ত বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। সেটা আমাদের এমনিতেই ঠিক করতে হবে। আর বিষয়টি সংসদে আলোচনা করে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে পরবর্তী সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করা হবে।’