অবশেষে ঊর্ধ্বমুখী হলো পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৫২ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৬০ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা পাঁচ কার্যদিবস পতনের পর গতকাল বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা বিনিয়োগ করার মনোভাব তৈরি হয়েছে। কারণ টানা দরপতনের ফলে বাজারের সূচক প্রায় চার হাজার পয়েন্টের কাছাকাছি চলে এসেছিল, যা বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগের জন্য আকৃষ্ট করেছে। আবার বেশ কিছুদিন ধরে দেশের প্রধান শেয়ারবাজারের সূচক চার থেকে সাড়ে চার হাজার পয়েন্টের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীরা এটিকেই সূচকের উত্থান-পতনের সীমা ধরে নিয়েছেন। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। তিন ঘণ্টার লেনদেনের প্রথম দেড় ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৩ পয়েন্ট বেড়ে চার হাজার ১০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এরপর বাজারে কিছুটা বিক্রির চাপ তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দেড় ঘণ্টায় সূচক বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার পর যে বিক্রির চাপ তৈরি হয়, সেটি খুব স্বাভাবিকই ছিল। এ কারণে সূচকের ঊর্ধ্বগতি কিছুটা মন্থর হলেও নেতিবাচক হয়নি। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৯২ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৩টিরই দাম বেড়েছে, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। সোমবার ডিএসইতে প্রায় ২৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে, কমেছে ২৫টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৪০৯ পয়েন্টে।