অবশেষে এমজেএলকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে ডিএসই
অবশেষে এমজেএল বাংলাদেশ লিমিটেডকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিকেল ছয়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এমজেএলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৫২ টাকা ৪০ পয়সার স্থলে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বাকি ৩৭ টাকা ৪০ পয়সা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্টের মাধ্যমে প্রদান করতে হবে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমজেএলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট দেওয়ার পর এবং এসইসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাটি স্থগিত করার পর ১৫ দিনের মধ্যে লেনদেনের তারিখ ঘোষণা করা হবে।প্রেস ব্রিফিংয়ে এমজেএলের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বলেন, বাজারের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আনুষঙ্গিক কার্যাবলি সম্পাদনা করতে প্রায় ১৫ দিনের মতো সময় লাগতে পারে। তারপর লেনদেন শুরু হবে। তিনি আরও বলেন, এতে করে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের উত্কণ্ঠার অবসান হলো।আজম জে চৌধুরী আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬.৮৪ টাকা এবং মূল্য আয় অনুপাত (পিই) ১৬.৮১।এ সময় ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপতী মৈত্র উপস্থিত ছিলেন।