অবশেষে কহিলেন অর্থমন্ত্রী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সময়মতো রাশ টেনে ধরা সম্ভব হয়নি বলে ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়িত হয়ে পড়েছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি দায়ী করেছেন।
আজ বুধবার সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আহসানুল ইসলাম, পরিচালক আহমেদ রশিদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেক ভালো কাজ করছে। দেশের ইতিহাসে এই কমিশনই সেরা কমিশন।
বৈঠকে কর রেয়াত, স্ট্যাম্প ডিউটিসহ তিন দফা দাবি অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিমিউচুয়ালাইজেশন সম্পন্নের পর এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, আমাদের লক্ষ্য ছিল বাজার স্থিতিশীল করা। সেটা সম্ভব হয়েছে। এখন লক্ষ্য হবে প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া।

ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম বলেন, বর্তমানে শেয়ারবাজার ইক্যুইটি-নির্ভর। এখানে নানা গুজব হয়। বন্ড মার্কেটকে জনপ্রিয় করার সময় এসেছে।