অবশেষে খেলাপি ঋণ ও পুনঃ তফসিলে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী ও ব্যাংকারদের প্রভাবে অবশেষে বাংলাদেশ ব্যাংক জারি করা ঋণ পুনঃ তফসিল ও খেলাপি ঋণ-সংক্রান্ত নতুন নীতিমালায় ছাড় দিয়েছে।ছাড় দেওয়া শিথিল নীতিমালায় ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বা ঋণের নিরাপত্তা সঞ্চিতি ১৫ শতাংশে নামিয়ে আনার বিধান করা হয়েছে। এর আগে এই হার ২০ শতাংশ ছিল।অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিতরণ করা ঋণের সাধারণ প্রভিশন ১ শতাংশীয় হারের পরিবর্তে ছাড় দিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।নতুন এই প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হবে চলতি বছরের ডিসেম্বরভিত্তিক হিসাব থেকে। তবে ব্যাংকগুলোকে সেপ্টেম্বর প্রান্তিক থেকেই নতুন নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিবেদন তৈরি করে পাঠাতে হবে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং-প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত রোববার এ-সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণের বকেয়া থেকে স্থগিত সুদ এবং উপযুক্ত জামানতের মূল্য বাদ দিয়ে প্রভিশনের ভিত্তি হিসাব করতে হবে। তবে প্রভিশন ভিত্তি যাই হোক না কেন, ঋণের বকেয়ার ১৫ শতাংশের কম প্রভিশন হতে পারবে না। এর ফলে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের পরিমাণ আগের চেয়ে (এর আগে জারি প্রজ্ঞাপনের চেয়ে) ৫ শতাংশ কমবে। আগে এর পরিমাণ ছিল ২০ শতাংশ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএমই খাতে বিতরণ করা ঋণের ক্ষেত্রে শূন্য দশমিক ২৫ শতাংশ হারে সাধারণ প্রভিশন রাখতে হবে। বলা হচ্ছে, এসএমই খাতকে আরও এগিয়ে নিতে এর আগে জারি করা বিধানের শূন্য দশমিক ৭৫ শতাংশ প্রভিশন ছাড় দেওয়া হয়েছে।আবার স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) বা বিশেষ হিসাবের ক্ষেত্রে বিতরণ করা ঋণের ওপর সাধারণভাবে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। কিন্তু আগের নীতিমালা অনুসারে এ খাতে ঋণ আদায়ের আগ পর্যন্ত সুদ আয় স্থগিত রাখার বিধান ছিল।ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে এককালীন জমাতেও বড় ছাড় দেওয়া হয়েছে। শিথিল নীতিমালায় প্রথম দফা পুনঃতফসিল করতে খেলাপি কিস্তির ১৫ শতাংশ, দ্বিতীয় দফাতে ৩০ শতাংশ ও তৃতীয় দফাতে ৫০ শতাংশ হারে এককালীন জমা বা ডাউন পেমেন্টের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে জারি করা নির্দেশনায় প্রথম দফাতে ২৫ শতাংশ হারে জমা করে ঋণ পুনঃ তফসিল করার শর্ত ছিল। ঋণ খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ এই তিনবারই ঋণ পুনঃ তফসিল করতে পারবে। এর আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর বেশি যতবারই ঋণ পুনঃ তফসিল করে থাক, এই প্রজ্ঞাপনের পরে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আর মাত্র একবার ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাবে।এর আগে পুনঃ তফসিল করা ঋণ বিশ্রেণীকৃত করার সুযোগ ছিল না। এ দফাতে সেই সুযোগও দেওয়া হয়েছে। আবার সব ধরনের ঋণ পুনঃতফসিল করতে সময় শিথিল করা হয়েছে আগের চেয়ে অন্তত ৫০ ভাগ। আরও ছাড় দেওয়া হয়েছে, ঋণ যে পর্যায়ে অনুমোদিত হবে সেই পর্যায়েই পুনঃ তফসিল করার সুযোগ দিয়ে। এর আগে যে পর্যায়েই ঋণ অনুমোদন করা হোক না কেন, পুনঃ তফসিল করার ক্ষেত্রে ব্যাংকের শীর্ষ নির্বাহী বা পরিচালনা পর্ষদে যাওয়ার বিধান রাখা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নীতিমালা পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছিল। এতে ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার সময়সীমা তিন মাস করা হয়। তবে ঋণটি খেলাপি হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর থেকে। এতে ব্যবসায়ী ও ব্যাংকাররা প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং ছাড় দিতে নানাভাবে প্রভাব বিস্তার করে। যার ফলে বাংলাদেশ ব্যাংক অনেকটা নতজানু হয়ে নীতিমালায় এসব পরিবর্তন এনেছে। সংশোধিত এ নীতিমালা অনুযায়ী কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে তিন থেকে ছয় মাস পার হলে ঋণটি নিম্নমানে শ্রেণীকৃত হবে। ছয় থেকে নয় মাস পার হলে সন্দেহজনক এবং নয় মাসের অধিক হলে মন্দ পর্যায়ে শ্রেণীকৃত হবে। এ ছাড়া, এসএমএর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের সময়সীমা তিন মাস থেকে দুই মাসে নামিয়ে আনা হয়েছে। ঋণের ধরন সন্দেহজনক এবং মন্দ পর্যায়ে হলে ঋণকে খেলাপি হিসেবে গণ্য করা হবে। কৃষি ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত রাখা হয়েছে।